যেসব স্থানে অনিয়মের অভিযোগ বিএনপির

বিএনপি পৌর নির্বাচনভোটগ্রহণের পর থেকেই বেশ বিভিন্ন স্থানে অনিয়মের অভিযোগ করেছে বিএনপি। দলটির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী যেসব কেন্দ্রে অনিয়ম হয়েছে সেখানে নির্বাচন স্থগিত করে পুনরায় নির্বাচন করার দাবি জানান। বুধবার সকাল থেকেই নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন নিয়ে সাংবাদিকদের বিভিন্ন তথ্য জানাচ্ছেন এবং দেশের বিভিন্ন স্থানে অনিয়মের অভিযোগ করছেন তিনি।
তিনি জানান, এদিকে চট্টগ্রামের সাতকনিয়ায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে নুরুল আমিন (৪০) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। নিহত নুরুল আমিন যুবদল নেতা বলে দাবি করেন রিজভী।
সংবাদ সম্মেলনে দেশের যেসব স্থানে অনিয়মের অভিযোগ করেছেন রিজভী:

চট্টগ্রাম: সাতকানিয়া পৌরসভায় সাতকানিয়া সরকারি কলেজ কেন্দ্রে ছাত্রলীগ ক্যাডাররা বেপরোয়া গুলিবর্ষণ করে যুবদল নেতা নুরুল আমিনকে হত্যা করেছে। এছাড়া ব্যাপক গুলিবর্ষণ ও বোমাবাজি করে বাকি কেন্দ্রগুলো দখল করে নিচ্ছে। র‌্যাব পুলিশের সামনে সশস্ত্র সন্ত্রাসীরা এমন লোমহর্ষক ঘটনা ঘটালেও র‌্যাব-পুলিশের সদস্যরা মূর্তির মতো ঠায় দাঁড়িয়ে থেকেছে। মীরেরশরাই পৌরসভার সবকটি ভোটকেন্দ্র ইতিমধ্যে প্রশাসনের সহায়তায় আওয়ামী সন্ত্রাসীরা দখল করে নিয়েছে। রাংগুনিয়া পৌরসভা ৭টি ভোটকেন্দ্র আওয়ামী লীগের ক্যাডাররা দখল করে নিয়েছে। সীতাকুন্ড বিএনপি প্রার্থীর চিফ এজেন্ট মো. ইকবাল হোসেনের বাড়ির সামনে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ব্যাপক বোমাবাজি করেছে। চিফ এজেন্ট মো. ইকবালকে পাওয়া যাচ্ছে না। ভোটকেন্দ্রে অনিয়মের প্রতিবাদ করলে বিএনপির প্রার্থী সৈয়দ আবদুল মনসুরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই বেধড়ক পিটিয়ে আহত করে। বারইয়ার হাট পৌরসভার সবকটি ভোটকেন্দ্র আওয়ামী লীগ ক্যাডাররা প্রশাসনের সহায়তায় দখল করে নিয়েছে। প্রশাসনের সহায়তায় সন্ত্রাসীরা ধানের শীষের প্রতীকের এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দিয়েছে। সন্দ্বীপ পৌরসভার ভোটকেন্দ্রগুলো ইতিমধ্যেই দখল করে নিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা।

রাংগুনিয়া পৌরসভার প্রায় সবকটি ভোটকেন্দ্র ছাত্রলীগ, যুবলীগের ক্যাডাররা অস্ত্রের মুখে জিম্মি করে প্রকাশ্যে ব্যালট পেপারে নৌকা মার্কায় সিল মারছে।

খাগড়াছড়ি: মাটিরাংগা পৌরসভার ৮নং পাইলট হাইস্কুল কেন্দ্রে ধানের শীষের প্রার্থী বাদশা মিয়াকে আওয়ামী সন্ত্রাসীরা মারধর করে আহত করে।

নোয়াখালী: বসুরহাট পৌরসভার ১, ৩, ৪ ও ৯নং ওয়ার্ডের আওয়ামী লীগের প্রার্থী তার ক্যাডারদের সঙ্গে নিয়ে প্রশাসনের সামনেই প্রকাশ্যে নৌকা মার্কায় সিল মারছে। ধানের শীষ প্রতীকের এজেন্টদের কেন্দ্র থেকে মারধর করে বের করে দিয়েছে।

চৌমুহনী পৌরসভার উত্তর নাজিরপুর স.প্রা.বি., নুরানী মাদ্রাসা কেন্দ্র, মধ্য করিমপুর স.প্রা.বি.সহ অধিকাংশ কেন্দ্রে প্রশাসনের সহযোগিতায় আওয়ামী সন্ত্রাসী হামলা চালিয়ে দখল করে নিয়েছে। সন্ত্রাসীদের আক্রমণে ধানের শীষ প্রতীকের এজেন্টরা গুরুতর আহত হয়েছে। এছাড়া সন্ত্রাসীরা সাধারণ ভোটারদের কেন্দ্র থেকে তাড়িয়ে দিয়ে হুংকার দিচ্ছে ভোটকেন্দ্রে থাকার পরিনাম ভালো হবে না।

লক্ষীপুর: রায়পুর পৌরসভায় ১,৩,৫,৬ ও ৯নং ওয়ার্ডের বিভিন্ন কেন্দ্রে গতকাল রাত থেকেই প্রশাসনের ছত্রছায়ায় ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা কেন্দ্র দখল করে নিয়ে নৌকা মার্কায় সিল মারছে। টিউলিফ, মধুপুর ভোটকেন্দ্রে ব্যাপক অনিয়ম এবং ভোট জালিয়াতির অভিযোগে কেন্দ্র বাতিলের দাবি করা হয়েছে। রামগঞ্জ পৌরসভায় ধানের শীষ প্রতীকের চিফ এজেন্ট আলমগীরকে ছাত্রলীগ সন্ত্রাসীরা গুলি করে মারাত্মকভাবে আহত করেছে। আলমগীর এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

ফেনী: দাগনভূইয়া পৌরসভায় কুখ্যাত নিজাম হাজারী বাহিনী প্রত্যেকটি কেন্দ্রের চার পাশে বোমাবাজি ও গুলি করে ত্রাসের সৃষ্টি করছে সাধারণ ভোটাররা যাতে ভোটকেন্দ্রে না যেতে পারে। প্রশাসনের কাছে বারবার সহযোগিতা চাওয়া হলেও প্রশাসন উদাসিন থাকছে। সদর পৌরসভার বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো. নুর ইসলামের বাড়িতে রাত সাড়ে ১২টার সময় আওয়ামী লীগের প্রায় ৩০০ সশস্ত্র সন্ত্রাসী হামলা করে তার বাড়ি জ্বালিয়ে দিয়েছে।

কুমিল্লা: লাকসাম পৌরসভায় আওয়ামী সন্ত্রাসীরা কুমারডাঙ্গা স.প্রা.বি.,দামুরসা স.প্রা.বি. কেন্দ্রসহ ৪টি কেন্দ্রে ধানের শীষের প্রতীকের এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দিয়েছে। জনতার চাপের মুখে দামুরসা কেন্দ্র থেকে অস্ত্রসহ আওয়ামী লীগের ৩ জনকে গ্রেফতার করা হয়। উপরের চাপে তাদের ছেড়ে দেওয়ার পাঁয়তারা চলছে। লাকসাম পৌর বিএনপির সভাপতি সুভাষ বণিকের বাড়িতে আওয়ামী ক্যাডারেরা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। চৌদ্দগ্রাম পৌরসভার ৫টি কেন্দ্রে আওয়ামী সন্ত্রাসীরা দখল করে নিয়ে নৌকা প্রতীকে সিল মারছে। দাউদকান্দি পৌরসভার ৭টি কেন্দ্রে প্রশাসনের সহযোগিতায় ছাত্রলীগ-যুবলীগের ক্যাডাররা হামলা চালিয়ে দখল করে নিয়েছে। প্রশাসনের কাছে বারবার অভিযোগ করলেও প্রশাসন নির্বিকার। চান্দিনা পৌরসভা প্রায় সবকটি কেন্দ্র সরকার দলীয় ক্যাডাররা দখল করে নিয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া: আখাউড়া পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে গত রাতভর পুলিশ প্রশাসন বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশীর নামে তাণ্ডব চালিয়েছে। আজ সকাল থেকে সাদা ক্যাপ পরিহিত অস্ত্রধারী ক্যাডাররা প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চর দখলের মতোই সবগুলো কেন্দ্র দখল করে নিয়েছে।

রাজশাহী: পুটিয়ার দিনকাল প্রতিনিধিকে গ্রেফতার করে গাড়ি পোড়ানোর মামলা দেওয়া হয়েছে।

নাটোর: সদর পৌরসভা তেবাড়িয়া ভোটকেন্দ্রে ধানের শীষের পোলিং এজেন্টদের দায়িত্ব নেওয়ার আগেই পিটিয়ে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। বড়াইগ্রাম পৌরসভা মুখুয়া ভোটকেন্দ্রে ধানের শীষের পোলিং এজেন্ট জাহিদকে প্রিজাইটিং অফিসারের সামনে পিটিয়ে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়।

মৌলভীবাজার: কমলগঞ্জ পৌরসভা বিএনপির মেয়র প্রার্থীর ছোট ভাই আবু খলিল জুনেদকে পুলিশ গ্রেফতার করেছে। এ এলাকায় পুলিশ দলীয় ক্যাডারের মতোই আচরণ করছে। সদর পৌরসভার বাজার স্কুল কেন্দ্রে আওয়ামী সন্ত্রাসীরা জোরপূর্বক ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে নৌকা মার্কায় সিল মারতে থাকলে জনতার প্রতিরোধে বিজিবির হস্তক্ষেপে প্রশাসন কেন্দ্রটি স্থগিত করে। আওয়ামী সন্ত্রাসীদের আক্রমণে বিএনপি নেতা আবদুর রহিম লিটন গুরুতর আহত হয়।

ময়মনসিংহ: গফরগাঁও পৌরসভার অধিকাংশ কেন্দ্রেই ছাত্রলীগ যুবলীগের সশস্ত্র ক্যাডাররা কেন্দ্র ঘিরে রেখে সাধারণ ভোটারদের বলছে ভোট দেওয়া হয়ে গেছে আপনারা চলে যান। এছাড়া ধানের শীষ প্রতীকের পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া ও সন্ত্রাসীদের তাণ্ডবের কথা প্রশাসনের কাছে জানালেও কোনও প্রতিকারের উদ্যোগ নেওয়া হয় নাই। ভালুকা পৌরসভা অধিকাংশ ভোটকেন্দ্রই সরকার দলীয় ক্যাডাররা দখল করে নিয়েছে।

মাদারীপুর: কালকিনি পৌরসভার ২টি কেন্দ্রে নৌকা প্রতীকে সিল মারা ১১০৩টি ব্যালট পেপার পাওয়ায় স্থানীয় জনগণের চাপের মুখে প্রশাসন কেন্দ্র ২টি স্থগিত করে।

ফরিদপুর: নগরকান্দা পৌরসভা ৫নং ওয়ার্ডের ভোটকেন্দ্র আওয়ামী সন্ত্রাসীরা দখল করে নিয়েছে । প্রশাসনের কাছে অভিযোগ করা হলেও কোনও প্রতিকার করা হয় নাই।

কিশোরগঞ্জ: বাজিতপুর পৌরসভার আফতাবউদ্দিন ভোটকেন্দ্র, নজরুল ইসলাম কলেজিয়েট স্কুল, চন্দ্রগ্রাম স.প্রা.বি., বিন্দুবাসিনী স.প্রা.বি. কেন্দ্রসহ সবকটি থেকেই পুলিশের সামনে অস্ত্রের মুখে ধানের শীষ প্রতীকের এজেন্টদের বের করে দখল করে নিয়েছে।

জামালপুর: জামালপুর সদর পৌরসভার সিংহজানি উ.বি., শহীদ জিয়াউর রহমান কলেজ, ইকবালপুর উ.বি., পলাশঘর স.প্রা.বি.সহ ৬টি ভোটকেন্দ্রে ছাত্রলীগ, যুবলীগের সশস্ত্র সন্ত্রাসীরা ধানের শীষের এজেন্টদের মারধর করে কাগজপত্র ছিনিয়ে নিয়ে কেন্দ্র থেকে বের করে দিয়েছে। ইসলামপুর পৌরসভার ১নং ও ৪নং ওয়ার্ডের কেন্দ্রগুলোতে ছাত্রলীগ-যুবলীগের সশস্ত্র সন্ত্রাসীরা ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারছে।

বরিশাল: মুলাদী পৌরসভার ৮নং ওয়ার্ডের ২টি কেন্দ্রে আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীরা ধানের শীষ প্রতীকের পোলিং এজেন্টদের মারধর করে বের করে দিয়েছে। সন্ত্রাসীরা প্রকাশ্যে নৌকা মার্কায় সিল মারছে। মেহেন্দীগঞ্জ পৌরসভা ১টি কেন্দ্র সরকারি দলের ক্যাডারেরা দখল করে নিয়ে প্রকাশ্যে নৌকা মার্কায় সিল মারছে।

বরগুনা: বেতাগী পৌরসভা ২,৩,৪,৫,৬নং ওয়ার্ডে বিভিন্ন কেন্দ্রে ধানের শীষের পোলিং এজেন্টদের জোর করে বের করে দেওয়া হচ্ছে। পাথরঘাটা পৌরসভার ৯নং ওয়ার্ডের ধানের শীষের এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না। নৌকা প্রতীকের এজেন্ট খলিল পালোয়ান ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে প্রকাশ্যে নৌকা মার্কায় সিল মারছে।

ঝালকাঠি: নলছিটি পৌরসভা ১নং মালিপুর স.প্রা.বি., ২নং ওয়ার্ড নাংগুলি স.প্রা.বি., ৩নং ওয়ার্ড নান্দিকাঠি স.প্রা.বি. কেন্দ্রগুলো আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা প্রশাসনের সহায়তায় ঘিরে রেখেছে। সন্ত্রাসীরা ধানের শীষ প্রতীকের পোলিং এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দিয়েছে।

পটুয়াখালী: কুয়াকাটা পৌরসভার বানজুপাড়া ভোটকেন্দ্রে সশস্ত্র সন্ত্রাসীরা ব্যাপক গুলি ও বোমা বর্ষণ করে। জনতা প্রতিরোধ করছে।

ভোলা: বোরহানউদ্দিন পৌরসভার উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, খুতবা মা.বি.কেন্দ্র, পৌরসভা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র, মুক্তিযোদ্ধা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স বিদ্যালয় কেন্দ্রগুলো প্রশাসনের সহযোগিতায় আওয়ামী সন্ত্রাসীরা দখল করে নিয়েছে। দৌলতখান পৌরসভার সব ভোটকেন্দ্র থেকে বেলা ১১টার মধ্যেই ধানের শীষ এজেন্টদের মারধর করে বের করে দিয়ে দখল করে নিয়েছে।

বগুড়া: বগুড়া শহরে রাত ১২টার পর থেকে আওয়ামী সন্ত্রাসীরা বিভিন্ন ভোটকেন্দ্রের সামনে গিয়ে শতাধিক বোমা ফাটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে, যাতে জনগণ ভোটকেন্দ্রে না যায়। সদর পৌরসভার ৪নং ওয়ার্ডের জুবিলী স্কুল, ওমর ফারুক মাদ্রাসা কেন্দ্র ও ১০নং ওয়ার্ডের ঠনঠনিয়া মাদ্রাসা কেন্দ্র ছাত্রলীগ-যুবলীগের সশস্ত্র সন্ত্রাসীরা অস্ত্রের মুখে দখল করে নিয়ে সাধারণ ভোটারদের এবং ধানের শীষের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়েছে। এছাড়া বাকি কেন্দ্রগুলোও দখলের আয়োজন চূড়ান্ত।

পাবনা: ইশ্বরদী পৌরসভার সবকটি কেন্দ্র থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় আওয়ামী ক্যাডাররা ধানের শীষ প্রতীকের এজেন্টদের বের করে দিয়েছে। সন্ত্রাসীরা সাধারণ ভোটারদের হাত থেকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে নৌকা প্রতীকে সিল মারছে। সাথিয়া পৌরসভার ২নং ওয়ার্ড গোপীনাথপুর কেন্দ্রে আওয়ামী সন্ত্রাসীরা জোরপূর্বক নৌকা মার্কায় সিল মারতে থাকলে জনতার প্রতিরোধে বিজিবির হস্তক্ষেপে আওয়ামী সন্ত্রাসীরা পালিয়ে যায়।

জয়পুরহাট: কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলামের নেতৃত্বে একের পর এক ভোটকেন্দ্র দখল করে আওয়ামী সন্ত্রাসীদের হাতে তুলে দিয়েছে সবকটি ভোটকেন্দ্র।

যশোর:মনিরামপুর পৌরসভায় সম্মিলনী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ প্রতীকের ৪ জন এজেন্টকে মারধর করেছে আওয়ামী সন্ত্রাসীরা ।

মানিকগঞ্জ: সদর পৌরসভায় শহীদ তিতুমীর একাডেমী কেন্দ্রে ধানের শীষ প্রতীকের এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না। আওয়ামী সন্ত্রাসী তুষার বাহিনীর প্রধান তুষারের নেতৃত্বে সশস্ত্র মহড়া দিয়ে সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দিচ্ছে।

নড়াইল: কালিয়া পৌরসভায় পুর্ব কালিয়া স.প্রা.বি., কালিয়া সরকারি কলেজ, কালিয়া পাইলট হাইস্কুল কেন্দ্র থেকে ধানের শীষের সব এজেন্টদের বের করে দিয়ে আওয়ামী সন্ত্রাসীরা নৌকা প্রতীকে সিল মারছে।

ঝিনাইদহ: হরিণাকুন্ড পৌরসভায় সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে সাধারণ ভোটারদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। হরিণাকুন্ড পৌরসভা ও শৈলকুপা পৌরসভার অধিকাংশ কেন্দ্রই প্রশাসনের সহযোগিতায় দখল করে নিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা।

নাটোর: সদর পৌরসভার তেবাড়িয়া কেন্দ্র, ফুলবাগান কেন্দ্রসহ ৫টি কেন্দ্রে ছাত্রলীগ যুবলীগের সশস্ত্র ক্যাডাররা ব্যাপক তাণ্ডব চালাচ্ছে। সন্ত্রাসীরা ধানের শীষ প্রতীকের এজেন্টসহ সাধারণ ভোটারদের কেন্দ্র থেকে মারধর করে তাড়িয়ে দিয়েছে।

গাইবান্ধা: গোবিন্দগঞ্জ পৌরসভায় ১নং ও ৭নং ওয়ার্ডের ধানের শীষের এজেন্টদের বের করে দিয়ে প্রকাশ্যে ব্যালট পেপারে নৌকা প্রতীকে সিল মারছে আওয়ামী সন্ত্রাসীরা।

মুন্সীগঞ্জ: ইসলামপুর জুবলী ঘাট ভোটকেন্দ্রে আওয়ামী সন্ত্রাসীরা বেপরোয়া গুলিবর্ষণ করে। এতে অনেক লোকজন মারাত্মকভাবে আহত হয়।

নরসিংদী: সদর পৌরসভা ৩টি কেন্দ্র ও মাধবদী পৌরসভার ৪টি কেন্দ্র প্রশাসনের সহযোগিতায় ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা দখল করে নিয়েছে। বাকি কেন্দ্রগুলো দখলের পাঁয়তারা চলছে। প্রশাসনের কাছে বারবার অভিযোগ করার পরও কোনও সুরাহা হয় নাই। মনোহরদী পৌরসভার বিভিন্ন কেন্দ্র থেকে আওয়ামী সন্ত্রাসীরা ধানের শীষের এজেন্টদের বের করে দিয়ে নৌকা প্রতীকে সিল মারছে।

গাজীপুর: শ্রীপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের বাড়িতে বাড়িতে পুলিশের হানা। শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি নুর নবীকে না পেয়ে তার ভাতিজা শাওনকে ধরে নিয়ে গেছে পুলিশ। আলোকিত বাংলাদেশ শ্রীপুর প্রতিনিধি, সাংবাদিক আ. মালেক যুগান্তর শ্রীপুর প্রতিনিধি, সাংবাদিক সুমন ডেইলি স্টার শ্রীপুর প্রতিনিধি, সাংবাদিক সোহেল দিনকাল শ্রীপুর প্রতিনিধি ও সাংবাদিক কাজলের বাসায় বাসায় গ্রেফতারের উদ্দেশ্যে হানা দেয় পুলিশ।

নারায়নগঞ্জ: সোনারগাঁও পৌরসভার ৮নং ওয়ার্ডের বটমুল কেন্দ্র, ৯নং ওয়ার্ডের মাদ্রাসা কেন্দ্র আওয়ামী সন্ত্রাসীরা দখল করে নিয়ে নৌকা মার্কায় সিল মারছে।

সাভার:সাভার পৌরসভার বিশ্ববিদ্যালয় কলেজ ও ৮নং ওয়ার্ডের সবকটি কেন্দ্রে ধানের শীষ প্রতীকের পোলিং এজেন্টদের মারধর করে বের করে দিয়েছে। ধামরাই পৌরসভার ৫নং ওয়ার্ডের ধামরাই কলেজ কেন্দ্রে আওয়ামী লীগ নেতা আবদুল হান্নান প্রিজাইটিং অফিসারের কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নিযে নৌকা প্রতীকে সিল মারছে।

গোপালগঞ্জ: সদর পৌরসভা বেশ কয়েকটি কেন্দ্র থেকে ধানের শীষ প্রতীকের এজেন্টদের মারধর করে বের করে দিয়েছে।

বাগেরহাট: মোড়েলগঞ্জ পৌরসভার অধিকাংশ কেন্দ্র থেকে বিএনপির প্রার্থীর পোলিং এজেন্টদের বের করে দিয়ে নৌকা মার্কায় সিল মারছে।

 /সিএ/ এএইচ /