অর্থপাচার মামলায় জামিন পাননি ইউনিল্যান্ডের পরিচালক

হাইকোর্টঅর্থপাচারের মামলায় দণ্ডিত ইউনিল্যান্ড লিমিটেডের পরিচালক এইচএম আরশাদ উল্লাহকে জামিন দেননি হাইকোর্ট। তবে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে করা তার আপিলের শুনানির জন্য আগামী ১৪ জানুয়ারি দিন ধার্য রেখেছেন আদালত। মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও সাঈদ আহমেদ রাজা। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল মাহজাবিন রাব্বানী দীপা ও আন্না খানম কলি। আর দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী এমএ আজিজ খান।

এর আগে ২০১৯ সালের ২৩ জানুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৩ অর্থপাচারের মামলায় ইউনিল্যান্ডের পরিচালক এইচএম আরশাদ উল্লাহসহ কয়েকজনকে ১২ বছর করে সশ্রম কারাদণ্ড এবং সব আসামিকে দুই হাজার ৭০২ কোটি ৪১ লাখ ১১ হাজার ৭৮৪ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। 

ওই রায়ের বিরুদ্ধে আপিল এবং অসুস্থতার কারণ দেখিয়ে হাইকোর্টে জামিনের আবেদন করেন আরশাদ উল্লাহ। তবে আদালত তাকে সরাসরি জামিন না দিয়ে আপিল শুনানির জন্য আগামী ১৪ জানুয়ারি দিন নির্ধারণ করেছেন বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।