বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ইউজিসির মানববন্ধন

ইউজিসির মানববন্ধন

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বুধবার (৯ ডিসেম্বর) সকালে ইউজিসি ভবনের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

প্রতিবাদ সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, জাতির পিতার ভাস্কর্য ভাঙার মাধ্যমে মৌলবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠী ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে। দেশের শিল্প-সংস্কৃতির জন্য এটি মারাত্মক হুমকি স্বরূপ। দেশের অব্যাহত উন্নয়ন-অগ্রগতি যারা সহ্য করতে পারছে না। তারাই জাতির পিতার ভাস্কর্য ভেঙে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

জাতির পিতার ভাস্কর্য ভাঙার সঙ্গে কোনও দুরভিসন্ধি আছে কিনা তা খতিয়ে দেখতে এবং এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জোর দাবি জানানো হয়। বক্তারা ভাস্কর্য ভাঙার পক্ষের শক্তির ব্যক্তিদের সম্পদের বিবরণ ও আয়ের উৎস খতিয়ে দেখতে সরকারের কাছে দাবি জানান। এছাড়া, মুক্তিযুদ্ধর চেতনায় বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধভাবে মৌলবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠীকে রুখে দেওয়ার আহ্বান জানানো হয়। 

মানববন্ধনে ইউজিসি পরিচালকসহ সব কমকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।