বুধবার (৯ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে আয়োজিত মানববন্ধনে তাপস এ বক্তব্য দেন। ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনে মৌলবাদীদের বাধা প্রদান ও বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে’ মানববন্ধনটির আয়োজন করে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ।
শেখ ফজলে নূর তাপস বলেন, বঙ্গবন্ধুর বিরুদ্ধে এই অপশক্তির আক্রমণ আজ নতুন না। ১৯৭৫ সালে জাতির পিতাকে সপরিবারে হত্যা করার মাধ্যমে তারা মনে করেছিল যে, বাংলার বুক থেকে বঙ্গবন্ধু নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু তা হয়নি। কারণ, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনা বঙ্গবন্ধু।
হেফাজতে ইসলামের আমীর জুনায়েদ বাবুনগরীকে উদ্দেশ্যে করে তিনি বলেন, ‘বাবুনগরী আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই সেই ৫ মের কথা। ভুলে গেছেন? মনে করেছিলেন শাপলা চত্বর দখল করলেই বাংলাদেশ দখল হয়ে যাবে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা যতদিন জীবিত আছি এই বাংলাদেশকে কেউ দখল করতে পারবে না। কোনও অপশক্তি দখল করতে পারবে না।’
সমাবেশে ভার্চুয়ালভাবে যুক্ত হয়ে বক্তব্য রাখেন পরিষদের আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন ও যুগ্ম আহ্বায়ক আবদুল বাসেত মজুমদার। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনীর, মোখলেসুর রহমান বাদল, ড. বশির আহমেদ, মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী, নাহিদ সুলতানা যুথী, আজহারুল্লা ভূইয়া, সানজিদা খানম, শাহ মঞ্জুরুল হক, কে এম মাসুদ রুমি, একেএম আমিন উদ্দিন মানিক, মোজম্মেল হক রানা, খন্দকার রেজা ই রাকিব, শামীম সরদার, ইমরানুল কবির, মশিউর রহমান, শেখ ওবায়দুর রহমান, হুমায়ুন কবির চৌধুরী প্রমুখ আইনজীবীরা।