বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) এনজিও বিষয়ক ব্যুরো মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পিকেএসএফ-এর চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জামান আহমদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. রাশেদুল ইসলাম। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্যানেল আলোচক ছিলেন খ্যাতিমান সাংবাদিক মুক্তপ্রকাশ-এর সেক্রেটারি সেলিম সামাদ, পেন ইন্টারনাশনাল বাংলাদেশের সেক্রেটারি জেনারেল ড. সৈয়দা আইরিন জামান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইমুম রেজা তালুকদার, নারী অধিকার কর্মী মুশফিকা লাইজু প্রমুখ।
ড. কাজী খালিকুজ্জামান বলেন, করোনা মহামারীর সময়ে দেশে অর্থনৈতিক বৈষম্য বাড়ছে, যা নিরসনে সরকারের আরও জোরদার কর্মসূচি গ্রহণ করা দরকার।
মো. রাশেদুল ইসলাম বলেন, আন্তর্জাতিক সংগঠন ও বিভিন্ন দেশ একযোগে মানবাধিকার পরিস্থিতির উন্নয়নের ওপর কাজ করতে হবে। বিশেষ করে, রোহিঙ্গাদের মানবাধিকার নিশ্চিত করার জন্য, তাদেরকে নিজ দেশে পুনর্বাসনের মাধ্যমে তাদের অধিকার নিশ্চিত করা সম্ভব।
মুশফিকা লাইজু বলেন, নারীর প্রতি সহিংসতা বাড়ছে করোনা সময়ে। মানুষের মূল্যবোধের পাশাপাশি কঠোর আইন প্রয়োগের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা নিরসনসহ মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন সম্ভব।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন দলিত সম্প্রদায়ের প্রতিনিধি মনি রাণী দাস, নাগরিক উদ্যাগের নাদিরা পারভীন, বদরুল আলম, সুমনা মাসুদ, জায়েদ সিদ্দিকী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ।