প্রধানমন্ত্রীকে আলেমদের সঙ্গে পরামর্শের প্রস্তাব মুফতি রুহুল আমীনের

মুফতি রুহুল আমীনকওমি মাদরাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গার সভাপতি ও খাদেমুল ইসলাম বাংলাদেশের আমির মুফতি রুহুল আমীন বলেছেন, ভাস্কর্য এবং মূর্তি একই জিনিস। ইসলামী শরীয়ত এগুলোর অনুমোদন করে না। দেশের শীর্ষ উলামা-মাশায়েখ এ বিষয়ে তাদের মতামত দিয়েছেন। প্রধানমন্ত্রীকে শীর্ষ আলেমদের সঙ্গে পরামর্শ করে এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) গওহরডাঙ্গা মাদরাসায় দক্ষিণ বঙ্গের আট শতাধিক মাদ্রাসার মুহতামিম-প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
মুফতি রুহুল আমীন বলেন, আলেম-উলামা দেশের সংবিধান এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল। দেশে আইনশৃঙ্খলার অবনতি হোক এটা কখনোই আমরা চাই না। কিন্তু দেশের কিছু নাম-বেনামের ভুঁইফোঁড় সংগঠন অদৃশ্য কারও উস্কানিতে আলেমদের সঙ্গে বেয়াদবি করে আইনশৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করছে। অনতিবিলম্বে তাদের এবং তাদের মদদদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আইনশৃঙ্খলার অবনতি হলে এর দায়ভার সরকারকেই বহন করতে হবে।
মুফতি মোহাম্মাদ তাসনীম ও মুফতি মাকসূদুল হকের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মাওলানা শামছুল হক, ফরিদপুরের বাহিরদিয়া মাদ্রসার মাওলানা আকরাম আলী, সাতক্ষীরার মাওলানা অজিউর রহমান, রাজৈর মাদারীপুরের মুফতি রেজাউল ইসলাম, গোপালগঞ্জের মুফতি মুঈনুদ্দিন, মুফতি হাফিজুর রহমান, ঢাকার মুফতি খালেদ সাইফুল্লাহ, বাগেরহাটের মাওলানা আশিকুর রহমান প্রমুখ ।