ভেঙে দেওয়া হয়েছে রাওয়া ক্লাবের কমিটি

1অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন ‘রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (রাওয়া) কার্যনির্বাহী কমিটি ভেঙে দেওয়া হয়েছে। সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই কমিটি ভেঙে দেওয়া হয়।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাওয়া ক্লাবের ওয়েবসাইটে সংগঠনটির চেয়ারম্যানের দেওয়া এক নোটিশে বলা হয়, ‘সম্মানিত সদস্যবৃন্দ, আপনাদের জানাচ্ছি যে, ১৪ ডিসেম্বর সমাজসেবা অধিদফতরের মহাপরিচালকের স্বাক্ষরিত পত্রে রাওয়ার বর্তমান কার্যনির্বাহী পরিষদের দায়িত্বরতদের ১৫ ডিসেম্বর থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হচ্ছে। একইসঙ্গে সেনা সদরের এসটি পরিদফতরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হাসান জাহাঙ্গীরকে আহ্বায়ক করে চার সদস্যবিশিষ্ট তত্ত্বাবধায়কমণ্ডলী গঠন করা হয়েছে।’

সংশ্লিষ্টরা বলছেন, আগামী ১৯ ডিসেম্বর রাওয়ার এজিএম ও নির্বাচনের দিন ধার্য ছিল। এর আগেই সমাজসেবা অধিদফতরের আদেশ বলে এ উদ্যোগ নেওয়া হলো। এ সিদ্ধান্ত প্রতিষ্ঠানটির প্রায় ৫ হাজার সদস্যকে নোটিশের মাধ্যমে জানানো হয়।

কার্যনির্বাহী পরিষদের যে ১৫ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে; তারা হলেন—চেয়ারম্যান মেজর (অব.) খোন্দকার নুরুল আফসার, সিনিয়র ভাইস চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এমডি মাহবুবুল আলম, ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) মুস্তাফিজুর রহমান, সেক্রেটারি জেনারেল লে. কর্নেল (অব.) এ এম মোশারফ হোসেন, কোষাধ্যাক্ষ মেজর (অব.) আব্দুস সালাম, যুগ্ম-সম্পাদক মেজর (অব.) মাশরুর এইচ সিদ্দিকী, সদস্য (ডেভেলপমেন্ট) লে. কর্নেল (অব.) আতিকুল হক চৌধুরী, সদস্য (গেম অ্যান্ড স্পোর্টস) ফ্লাইট লে. (অব.) মোহাম্মদ হারুনুর রশীদ ভুঁইয়া, সদস্য (এন্টারটেইনমেন্ট) মেজর (অব.) ইমতিয়াজ ইসলাম, সদস্য (ক্যাটারিং) মেজর (অব.) ইকবাল শাহরিয়ার, সদস্য (বেভারেজ) মেজর (অব.) এমডি শামীম হাসান, সদস্য (লাইব্রেরি অ্যান্ড পাবলিকেশন্স) কর্নেল (অব.) খালেদা খানম, সদস্য (ওয়েলফেয়ার) লে. কর্নেল (অব.) এমডি মোয়াজ্জেম হোসেন, সদস্য (জেনারেল-১) মেজর (অব.) একে এম মুসা এবং সদস্য (জেনারেল-২) লে. কর্নেল (অব.) এসকে আকরাম আলী।

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের জন্য গঠিত এই ওয়েলফেয়ারে অতীতে কখনও কর্মরত কোনও সামরিক কর্মকর্তা দায়িত্ব পালন করেননি।