নতুন প্রজন্মের হাতে ডাক টিকিট পৌঁছে দিতে হবে: মোস্তাফা জব্বার

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডাক টিকিট অসাধারণ জ্ঞান অর্জনের হাতিয়ার। নতুন প্রজন্মের হাতে জ্ঞানের হাতিয়ার এই ডাক টিকিট পৌঁছে দিতে হবে। তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ডাক টিকিট প্রদর্শনীর পাশাপাশি ডাক টিকিট সংগ্রাহক বৃদ্ধিতে নতুন প্রজন্মকে উৎসাহিত করতে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান।
শনিবার (১৯ ডিসেম্বর) ঢাকায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে ‘বাংলাপেক্স -২০২০’ -এর চতুর্থ বাংলাদেশ জাতীয় ডাক টিকিট প্রদর্শনীর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেন, ডাক অধিদফতরের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন এবং আন্তর্জাতিক ফিলাটেলিক অ্যাসোসিয়েশনের সভাপতি বার্নি বেল্টন বক্তৃতা করেন। বাংলাদেশ ফিলাটেলিক অ্যাসোসিয়েশনে কর্মকর্তা মনির হোসেন অস্ট্রেলিয়া থেকে ওয়েবিনার সঞ্চালনা করেন। বাংলাদেশ ফিলাটেলিক অ্যাসোসিয়েশন ও ডাক অধিদফতরের কর্মকর্তারা অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।

131529740_5412196385464502_1374349265914863864_o
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ডাক টিকিটের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, বৈচিত্র্যপূর্ণ বিষয়ভিত্তিক, ইতিহাস, সংস্কৃতি, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব কিংবা ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন তুলে ধরার মাধ্যমে ডাকটিকিট একটি দেশ ও জাতির ইতিহাসের বাহক হিসেবে কাজ করে। ডাক টিকিট প্রদর্শনী ভার্চুয়াল মাধ্যমে জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায়ে রূপান্তর খুবই তাৎপর্যপূর্ণ বিষয় বলে মন্ত্রী উল্লেখ করেন।
ডাক অধিদফতর, বাংলাদেশ ফিলাটেলিক ফেডারেশন-বিএনপিএ এবং পিএবি‘র যৌথ উদ্যোগে এই ভার্চুয়াল ডাক টিকিট প্রদর্শনী আয়োজন করা হয়। আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত প্রদর্শনী চলবে।
এই উপলক্ষে ডাক অধিদফতর স্মারক ডাক টিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড প্রকাশ করেছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ঢাকায় তার দফতরে বাংলাপেক্স-২০২০ প্রদর্শনী উপলক্ষে স্মারক ডাক টিকিট ও উদ্বোধনী খাম অবমুক্ত করেন এবং ডাটা কার্ড প্রকাশ করেন। এ উপলক্ষে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়।