অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার ৯ বছর কারাদণ্ড

আদালতযাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি অবসরপ্রাপ্ত কর্নেল শহিদ উদ্দিন চৌধুরীকে নয় বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আয়কর ফাঁকি আইনে অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। রবিবার (২০ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ-১০ বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

শাহ আলম বলেন, ‘আয়কর ফাঁকি আইনের পৃথক তিন ধারায় বিচারক নয় বছরের কারাদণ্ডের আদেশ দেন। এই মামলায় শহিদ উদ্দিন চৌধুরী পলাতক রয়েছেন। রায় ঘোষণা শেষে বিচারক সাজা পরোয়ানা জারি করেন।’

তিনি আরও বলেন, ‘তার বিরুদ্ধে আয়কর ফাঁকি আইনের ১৬৪, ১৬৫ ও ১৬৬ ধারার অভিযোগে আয়কর কর্তৃপক্ষ তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।’

ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু বলেন, ‘অবসরপ্রাপ্ত কর্নেল শহিদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগে পৃথক তিনটি ধারায় সর্বোচ্চ শাস্তি নয় বছর প্রদান করেন আদালত। তার বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগ এনে আয়কর কর্তৃপক্ষ মামলাটি দায়ের করেন। রাষ্ট্রপক্ষ থেকে আমরা মামলাটি প্রমাণ করতে সক্ষম হয়েছি বিধায় বিজ্ঞ আদালতে আসামিকে এই ধারায় নয় বছর কারাদণ্ড প্রদান করেন।’

উল্লেখ্য, গত ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর আয়কর ফাঁকির অভিযোগ এনে ঢাকার কর অঞ্চল-৯-এ মামলা করেন সহকারী কর কমিশনার শেখ আলী হাসান। গত ২৮ সেপ্টেম্বর তার বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষ করে এ রায় ঘোষণা করেন।