যানজট নিরসনে আরও তিনটি ইউটার্ন উন্মুক্ত করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। তেজগাঁওয়ের সাত রাস্তা হতে উত্তরা হাউজ বিল্ডিং পর্যন্ত ডিএনসিসি’র ১১টি ইউটার্ন নির্মাণ প্রকল্পের অধীনে এখনও পর্যন্ত ছয়টি ইউটার্ন উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
রবিবার (২০ ডিসেম্বর) উন্মুক্ত হওয়া ইউটার্নগুলো হচ্ছে— তেজগাঁও বিজি প্রেস, নাবিস্কো এবং বনানী চেয়ারম্যান বাড়ি ইউটার্ন। এর আগে খুলে দেওয়া ইউটার্ন তিনটি হচ্ছে— কাওলায় ফ্লাইং অ্যাকাডেমি, উত্তরা র্যাব-১ কার্যালয়ের সামনে এবং উত্তরা জসিম উদ্দিন মোড়ের ইউটার্ন। ডিএনসিসি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অবশিষ্ট চারটি ইউটার্নের নির্মাণ কাজ চলমান রয়েছে। এই চারটি ইউটার্ন হচ্ছে— মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালের সামনে, মহাখালী ফ্লাইওভারের নিচে, বনানী-কাকলী রেলস্টেশন এবং বনানী ফ্লাইওভারের নিচে। প্রকল্পের শুরুতে মোট ১১টি ইউটার্ন নির্মাণ করার পরিকল্পনা থাকলেও আর্মি গলফ ক্লাব সংলগ্ন স্থানের ইউটার্নটি প্রথম সংশোধনী প্রকল্পে বাতিল করা হয়। প্রকল্পটির মূল অনুমোদিত ব্যয় ২৪ কোটি ৮৩ লাখ টাকা ছিল। তবে প্রথম সংশোধিত প্রাক্কলিত ব্যয় ৩১ কোটি ৮০ লক্ষ ৯৭ হাজার টাকা।
ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘এই ইউটার্নগুলো চালু করার ফলে এই সড়কে যানজট আরও কমে যাবে। বাঁচবে যাতায়াতের সময়ও।’ তিনি আরও বলেন, ‘এই শহরকে সুন্দর করতেই হবে। ইউটার্নগুলো চালু হলে নগরীর ভোগান্তি কিছুটা হলেও কমে যাবে।’