বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
রবিবার (২০ ডিসেম্বর) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা নৌ- পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল আলম প্রতিবেদন দাখিল করতে না পাড়ায়, আদালত নতুন তারিখ ধার্য করেন।
রবিবার ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মনিকা খান প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করেন।
উল্লেখ্য, গত ২৯ জুন সকালে ঢাকা-চাঁদপুর রুটে ‘ময়ূর-২’ নামে একটি লঞ্চের ধাক্কায় ঢাকা-মুন্সীগঞ্জ রুটের ‘মর্নিং বার্ড’ লঞ্চটি ডুবে যায়। এই ঘটনায় ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দণ্ডবিধির ২৮০, ৩০৪ (ক), ৪৩৭ ও ৩৪ ধারায় মামলায় ‘ময়ূর-২’ লঞ্চের মালিকসহ ছয় জনকে আসামি করে মামলা দায়ের হয়।