গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে ডান পাশের ৩৪টি দোকান উচ্ছেদে স্থিতাবস্থা জারি করা হাইকোর্টের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে দোকানগুলো উচ্ছেদে আর কোনও বাধা নেই।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে বুধবার (২৩ ডিসেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।
এর আগে গত ১৭ ডিসেম্বর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে ডানপাশের ৩৪টি দোকান উচ্ছেদে স্থিতাবস্থা দিয়ে রুল জারি করেন হাইকোর্ট। ওই ৩৪টি দোকান মালিকের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ রাসেল চৌধুরী।
পরে বদরুদ্দোজা বাদল জানিয়েছিলেন, আমাদের আবেদনকারীদের ৩৪টি দোকান মার্কেটের ডানপাশে অবস্থিত। আমরা বলেছি, কোনো কারণ না দেখিয়ে উচ্ছেদ করা হচ্ছে। এরপর আদালত স্থিতাবস্থার আদেশ দিয়েছেন এবং রুল জারি করেছেন।
এদিকে ওই একইদিন (১৭ ডিসেম্বর) দুপুর থেকেই মূল নকশার বাইরের অবৈধ স্থাপনা অপসারণে উচ্ছেদ অভিযান শুরু করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান এবং ইরফান আহমেদ এ অভিযান পরিচালনা করেন।
ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান আহমেদ বলেন, ‘সুন্দরবন স্কয়ার মার্কেটে ৬৮৯টি অবৈধ দোকান গড়ে তোলা হয়েছে। মার্কেটের সিঁড়ি, মার্কেটের মধ্যে চলার পথ, লিফট এবং টয়লেটের জায়গা দখল করে এসব দোকান বানানো হয়েছে।’
মার্কেটের দোকান উচ্ছেদ স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন জানায় ৩৪টি দোকান মালিক। সেসব রিটের শুনানি নিয়ে আদেশ দেন হাইকোর্ট।