খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব বড়দিন উপলক্ষে সারা দেশের ২৫৪টি খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠানের অনুকূলে এক কোটি ৩৭ লাখ ৮০ হাজার টাকা বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর) খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ২০তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
ধর্ম প্রতিমন্ত্রী ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে তার কার্যালয়ে এই সভায় অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বড়দিন উপলক্ষে প্রাপ্ত এক কোটি ১৫ লাখ টাকার অনুদান ২২৪টি চার্চ,গির্জা,উপাসনালয়,কবরস্থান,ধর্মীয় প্রতিষ্ঠানে দেওয়া হবে। খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের এনডাওমেন্ট তহবিলের আয় থেকে প্রাপ্ত ২২ লাখ টাকা ৩০টি চার্চ, গির্জা, উপাসনালয়,কবরস্থান,ধর্মীয় প্রতিষ্ঠানে বিতরণ করা হবে। প্রাপ্ত অনুদান দিয়ে এসব ধর্মীয় প্রতিষ্ঠানের মেরামত, সংস্কার ও উন্নয়নে ব্যয় করা হবে।
এদিকে সভায় নব নিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রী এবং খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যানকে ট্রাস্টের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বড়দিন উদযাপন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ হতে কেক কেটে বড়দিনের উৎসব উদযাপন করা হয়।
সভায় কোভিড-১৯ করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে বড়দিনের উৎসব পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় ট্রাস্টি বোর্ডের প্রয়াত চেয়ারম্যান ও ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ এবং প্রয়াত ট্রাস্টি হিউবাট গোমেজের আত্মার শান্তি কামরা করে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এছাড়া বিশ্বব্যাপী ‘কোভিড-১৯’ মহামারির প্রকোপে প্রাণ হারানো সকল মৃত ব্যক্তিদের বিদেহী আত্মার চির শান্তি কামনা করা হয়।