ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীকে একটি চিঠি দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনে চিঠিটি পৌঁছে দেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস অ্যাডভাইজার জাহাঙ্গীর আলম মিন্টু। এদিন দুপুরে বাংলা ট্রিবিউনকে তিনি নিজেই এ তথ্য জানান।
চিঠিতে জাফরুল্লাহ চৌধুরী লিখেছেন, ‘‘মি. বিক্রম, গণস্বাস্থ্য কেন্দ্র একটি দাতব্য ট্রাস্ট, যা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় প্রতিষ্ঠিত হয়েছিল। তখন এটি ‘বাংলাদেশের ফিল্ড হসপিটাল’ নামে পরিচিত ছিল। বাংলাশের ফিল্ড হসপিটাল তৎকালীন পূর্ব পাকিস্তান সীমান্তে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার বিশ্রামগঞ্জের মেলাঘরে অবস্থিত ছিল। পাকিস্তানের বিরুদ্ধে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে ভারতের উদার সহযোগিতার জন্য আমরা ভারতের জনগণের কাছে কৃতজ্ঞ। আমরা জানতে পেরেছি, নয়া দিল্লিতে বর্তমানে তাপমাত্রা ৪ ডিগ্রির নিচে নেমে গেছে। ফলে ৩৭ জন কৃষক সম্প্রতি মারা গেছেন। স্বাধীনতা যুদ্ধে সহযোগিতার কৃতজ্ঞতা স্বরূপ নয়া দিল্লিতে শীতার্ত কৃষকদের জন্য বাংলাদেশের গ্রামীণ তাঁতীদের হাতে তৈরি ২০০০ কম্বল দিতে চাই। আগামী ৩০ ডিসেম্বর ২০২০, অথবা আপনার সুবিধাজনক যেকোনেও তারিখে নয়া দিল্লিতে শীতার্ত কৃষকদের জন্য আমাদের আন্তরিক উপহার গ্রহণ করলে কৃতার্থ হবো।’’