পিঅ্যান্ডজিসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের নকল স্যানিটারি ন্যাপকিন তৈরি ও সরবরাহকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) রতন কৃষ্ণ নাথ বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতার ব্যক্তিরা হলো— চক্রের মূলহোতা আজিম উদ্দিন (৩৫) ও তার সহকারী গোলাম রহমান ওরফে মিথুন (৩২)।
এএসপি রতন কৃষ্ণ নাথ বলেন, ‘আন্তর্জাতিক কোম্পানির নাম ব্যবহার করে নারী স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এবং নিম্নমানের উপকরণ দিয়ে তৈরি বিপুল পরিমাণ নকল হুইসপার আলট্রা ক্লিন স্যানিটারি ন্যাপকিন উদ্ধার করা হয়েছে।’
তিনি বলেন, ‘‘সিআইডি ঢাকা মেট্রো-পশ্চিমের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি চক্র পিঅ্যান্ডজি কোম্পানির পণ্য হুইসপারসহ বিভিন্ন ব্র্যান্ডের মালামাল নকল করে বাজারজাত করছে। সেই সংবাদের ভিত্তিতেই সোমবার (২৮ ডিসেম্বর) সকাল থেকে মধ্যরাত পর্যন্ত রাজধানীর মিরপুর-২ নম্বরে অভিযান চালিয়ে ‘বিজনেস কোম্পানি’ নামে একটি প্রতিষ্ঠান থেকে নকল স্যানিটারি ন্যাপকিন ক্রয়-বিক্রয় চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়।’’
সিআইডি জানায়, অভিযানে তাদের কাছ থেকে বিভিন্ন সাইজের ৪০টি কার্টনভর্তি ২২০০ প্যাকেট নকল হুইসপার উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।
গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সিআইডি জানায়, অধিক মুনাফা লাভের আশায় তারা নকল স্যানিটারি ন্যাপকিন তৈরি করে বাজারে বিক্রি করে আসছিল। এছাড়া পলাতক আসামি মো. আশরাফুল আলমকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় মিরপুর মডেল থানায় সিআইডি বাদী হয়ে একটি মামলা করেছে।
এ বিষয়ে হুইসপার ব্র্যান্ডের সত্বাধিকারী পিঅ্যান্ডজি জানায়, নিম্নমানের স্যানিটারি ন্যাপকিন স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এবং নারীদের সার্ভিক্যাল ক্যান্সারের জন্য দায়ী।