বুধবার (৩০ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, এসআই কামরুলের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে আছে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী জানান, রাত আনুমানিক ১১টার দিকে বিমানবন্দর সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন এসআই কামরুল। এপিবিএন মাঠ রাস্তা বরাবর গিয়ে দুর্ঘটনায় কবলিত হন তিনি। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে তিনি রাস্তাই মারা যান। কোন যানবাহনের সঙ্গে তার ধাক্কা লাগে তা এখনও নিশ্চিত হতে পারিনি আমরা। আমাদের টিম সেখানে কাজ করছে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, মামলার তদন্ত সংক্রান্ত কোনও কাজে মোটরসাইকেলে তিনি ওই এলাকায় যান। তাকে যে গাড়িটি ধাক্কা দিয়ে চলে গেছে সেটি শনাক্ত করা সম্ভব হয়নি। সেখানকার পুলিশ এ নিয়ে কাজ করছে। কামরুল সপরিবারে গুলশানের কালাচাঁদপুর এলাকায় থাকতেন।
জানা যায়, কামরুল ইসলামের বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায়। তিনি এক কন্যার জনক ছিলেন।