অভিজাত এলাকায় নিরাপত্তা জোরদার, তল্লাশি করে প্রবেশ

৬০০রাজধানীর অভিজাত গুলশান, বনানী, বারিধারা কূটনীতিক পাড়ায় থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকাল থেকেই অভিজাত গুলশান, বনানী, বারিধারার ডিপ্লোমেটিক এলাকায় তল্লাশির মধ্যে দিয়ে প্রবেশ করতে হচ্ছে। চেকপোস্টগুলোতে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। প্রয়োজন ছাড়া কাউকে এসব এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না।

ডিএমপি সূত্র জানায়, রাজধানীতে নিরাপত্তা রক্ষায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের সদস্যরাও দায়িত্ব পালন করছেন। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়। দুর্ঘটনা এড়াতে রাজধানীর বিভিন্ন এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। মদপান করে অতিরিক্ত গতিতে গাড়ি চালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিষয়েও কঠোর নজরদারি করা হচ্ছে।

৭০০পুলিশের গুলশান বিভাগ সূত্র জানায়, রাত ৮টা থেকে গুলশান, বারিধারা, বনানী এলাকায় প্রবেশের জন্য শুধু আমতলী ও বনানী ২৭ নম্বর সড়ক খোলা রাখা হয়েছে। অন্যান্য সড়ক বন্ধ রাখা হয়েছে। সাদা পোশাকে পুলিশের পাশাপাশি স্ট্যান্ডবাই রাখা হয়েছে বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াত টিম, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য। সুউচ্চ ভবনগুলো থেকে নজরদারিতে রয়েছে মোবাইল পেট্রোলিং টিম।

পুলিশের গুলশান বিভাগের ডিসি সুদীপ কুমার চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘থার্টি ফার্স্ট নাইটের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরো এলাকায় পোশাকধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। কূটনীতিক পাড়াসহ পুরো গুলশান বিভাগেই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
ছবি: নাসিরুল ইসলাম