বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান। রবিবার (৩ জানুয়ারি) স্পিকারের সংসদ ভবনস্থ কার্যালয়ে সাক্ষাৎ করেন তুর্কি রাষ্ট্রদূত।
সাক্ষাৎকালে তারা কোভিড-১৯ পরিস্থিতি, সংসদীয় সম্পর্কের উন্নয়ন, রোহিঙ্গা ইস্যু, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনা করেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, তুরস্কের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। ভবিষ্যতে সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের মাধ্যমে দুদেশের সংসদীয় সম্পর্ক আরও শক্তিশালী হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান কোভিডকালীন সময়ে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখার প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি বলেন, বর্তমানে তুরস্কে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। রোহিঙ্গা সমস্যা সমাধানে তুরস্ক বাংলাদেশের পাশে আছে উল্লেখ করে তিনি বলেন, তুরস্ক রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসন চায়। এসময় সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।