গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘আজকে দেশের প্রতিষ্ঠান গ্লোব বায়োটেককে যদি ৫০ কোটি টাকা সাবসিডি দেওয়া হতো, তবে তারাও দেশি বিজ্ঞানীদের নিয়ে কাজ করতে পারতো। আরও প্রতিষ্ঠান রয়েছে, তারাও কাজ করতে পারতো। সেটা করলে আজকে বাংলাদেশের নিজস্ব অর্থায়নে টিকা আবিষ্কার হতো।’
সোমবার (৪ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে পটুয়াখালীর দুমকীতে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, ‘আজকে ভারতের সেরামকে টিকার জন্য প্রথম ধাপে যে ৬০০ কোটি টাকা বাংলাদেশ দিচ্ছে, এর চেয়ে কম টাকায় যদি পৃথিবীর শ্রেষ্ঠ দশ বিজ্ঞানীকে এক কোটি টাকা মাসিক বেতনে আনা হতো, তাহলে দেশের ১২০ কোটি টাকা খরচ হতো। এখানে অনেক বেশি বিজ্ঞানী তৈরি হতে পারতো। নিশ্চিতভাবে বলা যায়, দেশে এক বছরের মধ্যে টিকা তৈরি করা যেত।’
জাফরুল্লাহ বলেন, ‘বিচারহীনতার সংস্কৃতির কারণে রাষ্ট্রে খুন, গুম, ধর্ষণ বৃদ্ধি পাচ্ছে। ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় ধর্ষকরা অপরাধ করেও নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে এবং নির্যাতিতদের হুমকি-ধামকি দিচ্ছে।’ তিনি বলেন, ‘আজকে জাতি প্রতিটি ক্ষেত্রে ধর্ষণের শিকার হচ্ছে। ধর্ষণ কেবল মেয়ে ও ছেলেদের ওপরেই নয়, অর্থনীতিতে হচ্ছে।’
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, ‘একমাত্র সুষ্ঠু গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমেই জাতি ধর্ষণের কবল থেকে রক্ষা পেতে পারে।’ তিনি ওই শিক্ষার্থীর ধর্ষককে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য লায়ন মিয়া মো. আনোয়ার, কে এম রকিবুল ইসলাম রিপন, কৃষক দল নেতা গোলাম সরোয়ার প্রমুখ।