সন্তান হত্যার অভিযোগে করা মামলায় বাবা কারাগারে

রাজধানীর দক্ষিণ খান থানা এলাকায় সাত মাস বয়সী শিশু সন্তানকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় বাবা রফিকুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (৫ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কনক বড়ুয়ার আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ দিন দক্ষিণখান থানার পুলিশ আসামি রফিকুল ইসলামকে আদালতে হাজির করে। রফিকুল স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করা হয়।  কিন্তু পরে রফিকুল স্বীকারোক্তি দিতে  অস্বীকৃতি জানালে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দক্ষিণ খান থানা সূত্রে জানা যায়, গ্রেফতার রফিক  মাদকাসক্ত এবং পেশায় একজন রিকশাচালক। সোমবার (৪ জানুয়ারি) দুপুরে ভাড়া বাসায় স্ত্রী রাহিমার সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে সাত মাসের শিশু সন্তানকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে বাসার মেঝেতে সজোরে আছাড় মারে। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। রফিকের বিরুদ্ধে দক্ষিণ খান থানায় মামলা করা হয়েছে।