সাঈদীর আয়কর ফাঁকির মামলার সাক্ষ্যগ্রহণ পেছালো

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আয়কর ফাঁকির মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১১ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (৬ জানুয়ারি) পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালত এ আদেশ দেন।

বুধবার বাদী মাছুমা খাতুনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। এদিন তার আংশিক সাক্ষ্যগ্রহণ শেষে আসামি পক্ষের আইনজীবীরা মামলার প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করতে পারেনি বলে সাক্ষ্য মুলতবীর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক পরবর্তী সাক্ষ্য গ্রহণের আগামী ১১ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

তবে এদিন সকালে কারাগার থেকে সাঈদীকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।

২০১১ সালের ১৯ আগস্ট এনবিআর মামলাটি করা হয়। ২০১২ সালের ১৫ সেপ্টেম্বর মামলাটি সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। তার বিরুদ্ধে ২ কোটি ২৭ লাখ ৪০ হাজার ১২০ টাকা আয় গোপন করে তার ওপর প্রযোজ্য কর ৫৬ লাখ ৪৬ হাজার ৮১২ টাকা কর ফাঁকির অভিযোগ রয়েছে।