‘তাপস-খোকনের মতপার্থক্য সময়ের ব্যবধানে নিরসন হবে’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও সাবেক মেয়র সাঈদ খোকনের মতপার্থক্য সময়ের ব্যবধানে নিরসন হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

মঙ্গলবার (১২ জানুয়ারি) মন্ত্রণালয়ের নিজ কক্ষে চুয়াডাঙ্গা ও নওগাঁ জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন এবং বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের মধ্যে দায়িত্ব পালনকালে কিছু বিষয়ে মতপার্থক্য থাকতেই পারে। সময়ের ব্যবধানে সব সমস্যার সমাধান হবে।’

খোকনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘মামলা হোক ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস  তা চাননি বলে জানতে পেরেছি এবং মামলা প্রত্যাহার করবেন বলে আমি সংবাদ পেয়েছি।’

দুই মেয়রের দ্বন্দ্ব নিয়ে আওয়ামী লীগের সমালোচনা করছে বিএনপি— সাংবাদিকদের এমন প্রশ্নেরে উত্তরে  তাজুল ইসলাম বলেন, ‘বিএনপি সবকিছুতেই ইস্যু খোঁজে। বিএনপির অযৌক্তিক কোনও ইস্যু অথবা নেতিবাচক মন্তব্য দলের কাছে গুরুত্বপূর্ণ বিষয় না। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্যবাহী একটি বৃহৎ দল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে নেতৃত্ব দিচ্ছেন। দুই মেয়রের মধ্যে মতপার্থক্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে না।’

ড্রেনেজ ব্যবস্থাপনা হস্তান্তর নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, ওয়াসা থেকে দুই সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করার পর এগুলোকে সংস্কার করে আধুনিক ব্যবস্থাপনার জন্য সিটি করপোরেশনকে দায়িত্ব দেওয়া হয়েছে। খুব শিগগিরই দুই সিটি করপোরেশনের মেয়রকে নিয়ে মন্ত্রণালয়ে একটি মিটিং করে পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে। দুই সিটি করপোরেশন কী পরিকল্পনা করছে, তা জেনে মন্ত্রণালয় থেকে একটি কর্মপরিকল্পনা করার কথা আছে, সেটিও দুই মেয়রকে অবহিত করা হবে।’

রাজধানীতে ডেঙ্গু মশার বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ইদানীং কিছু কিছু এলাকায় মশার উপদ্রব বেড়েছে। তা নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চলছে। মশা নিয়ন্ত্রণের জন্য পরবর্তী সিদ্ধান্ত নিতে সিটি করপোরেশনসহ ডেঙ্গু বিষয়ক আন্তমন্ত্রণালয় সভা আগামী সপ্তাহে ডাকা হয়েছে বলেও এ সময় তিনি জানান।

তুরাগ পাড়ে নতুন শহর নির্মাণ প্রসঙ্গে অপর এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম জানান, তুরাগে যে শহর গড়ে তোলা হবে, সেখানে ৬০ শতাংশের বেশি ওয়াটার বডি থাকবে। এ লক্ষ্যে একটি প্রকল্প তৈরি করা হচ্ছে। তুরাগে এই নগরী নির্মিত হলে সিঙ্গাপুর-থাইল্যান্ডের চেয়েও সুন্দর একটি নগরী হবে।

অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য মো. মিজানুর রহমান এবং নওগাঁ জেলা পরিষদের সদস্য নিপন বিশ্বাস শপথগ্রহণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ।