টাঙ্গাইল জেলার ধনবাড়ী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে আটক করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতে এটিইউ’র মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস শাখার পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম ওরফে জাহিদ নামে আনসার আল ইসলামের এক সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে উগ্রবাদী প্রচারণায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন এবং বেশকিছু উগ্রবাদী বই জব্দ করা হয়।
আটক জাহিদুল ইসলাম ওরফে জাহিদ দীর্ঘদিন ধরে অনলাইনে জঙ্গিবাদী প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল।
মোহাম্মদ আসলাম খান বলেন, ‘অনলাইনে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রচারণা করায় তার বিরুদ্ধে টাঙ্গাইল ধনবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’