৬ আগস্ট ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা বিভাগীয় শহরে

৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৬ আগস্ট দেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সোমবার (১ ফেব্রুয়ারি) সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তারিখ ঘোষণা করে। এর আগে বিজ্ঞপ্তিতে আগামী ৬ আগস্ট সম্ভাব্য তারিখ ঘোষণা করেছিল পিএসসি।

সোমবারের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশাবলী গণমাধ্যমে বিজ্ঞপ্তির পাশাপাশি পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd ) প্রকাশ করা হবে।

এর আগে পিএসসি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছিল ৪৩তম বিসিএস পরীক্ষা অংশ নিতে আগামী ৩১ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করা যাবে।

উল্লেখ্য, গত বছরের ৩০ নভেম্বর ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।