রাজধানীতে কোথাও আগুন লাগলে তা নেভাতে নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করতে ফায়ার সার্ভিস ও ঢাকা ওয়াসার মধ্যে একটি সমঝোতা স্মারক সই করা হয়েছে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকালে ঢাকার কাওরান বাজারে ওয়াসা ভবনে এই চুক্তি স্বাক্ষর হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বলা হয়, বিভিন্ন সময় আগুন নেভানোর ক্ষেত্রে ব্যাপক প্রতিকূলতার সম্মুখীন হতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। আগুন নেভাতে গিয়ে সবচেয়ে বড় সমস্যায় পড়তে হয় পানি স্বল্পতার। এ কারণে আগুন নেভানোর ক্ষেত্রে পানির সরবরাহ নিশ্চিত করতে ঢাকা ওয়াসার সঙ্গে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, এখন থেকে রাজধানীর কোথাও আগুন লাগলে ফায়ার সার্ভিসের চাহিদা অনুযায়ী, সংশ্লিষ্ট এলাকায় ওয়াসার মডস জোন থেকে পানি ভর্তি লরি ঘটনাস্থলে পাঠানো হবে। আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ঢাকা ওয়াসা পানি সরবরাহ অব্যাহত রাখবে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এতে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ কর্মীদের পানিস্বল্পতার কারণে আর সময় নষ্ট হবে না।’ দ্রুত অগ্নিনির্বাপণ করার ক্ষেত্রে এটি একটি কার্যকর উদ্যোগ বলে মনে করে ফায়ার সার্ভিস।
সমঝোতা স্মারকে সই করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পক্ষে অপারেশন ও মেনটেনেন্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান এবং ঢাকা ওয়াসার পক্ষে প্রধান প্রকৌশলী মো. কামরুল হাসান। এ সময় ফায়ার সার্ভিস অধিদফতরের সহকারী পরিচালক অপারেশন আব্দুল হালিম, ঢাকার জোনের সহকারী পরিচালক মোহাম্মদ সালেহ উদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।