নির্ধারিত সময়ের মধ্যেই ৮৫ ভাগ ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করেছে ভূমি মন্ত্রণালয়। অল্প কিছুদিনের মধ্যেই বাকি পরিবারগুলোকেও পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
বুধবার (৩ ফেব্রুয়ারি) ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ২০২০-২১ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ভুক্ত প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় ভূমিমন্ত্রী এ কথা জানান। এ সময় কর্মকর্তাদের তিনি বলেন, ভূমি মন্ত্রণালয়ের কাজের গতি আগের চেয়ে অনেক বেড়েছে। আমাদের আরও দক্ষতার সঙ্গে কাজ করে জনগণের আস্থা ধরে রাখতে হবে।
সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা ভূমিমন্ত্রীকে জানান, আগামী সপ্তাহের মধ্যেই ঢাকার তেজগাঁওয়ে নির্মিতব্য ভূমি ভবন কমপ্লেক্সে কিছু ভূমি অফিসের কার্যক্রম শুরু করা সম্ভব হবে। তাছাড়া প্রতিটি বিভাগে বিভাগীয় ভূমি কমপ্লেক্স ও প্রশিক্ষণ ইন্সটিটিউট নির্মাণের পরিকল্পনা গ্রহণ করার সিদ্ধান্ত হয়।
সভায় উপস্থিত ছিলেন ভূমি সচিব মোস্তাফিজুর রহমান, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোস্তফা কামাল, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান উম্মুল হাছনা, ভূমি মন্ত্রণালয় ও এর আওতাভুক্ত দফতর ও সংস্থার প্রধান, বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকরা।