মৎস্যজীবীদের ৬ দফা দাবি

ছয় দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন করেছে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি। একইসঙ্গে মৎস্য অধিদফতরের মহাপরিচালকের কাছে স্মারকলিপি দেন তারা।  বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি)মৎস্য ভবনের সামনে সংগঠনটির উদ্যোগে  ‘জেলেদের ৬ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন ও মৎস্য অধিদফতরের ডিজি মহোদয়কে স্মারকলিপি’ প্রদান শীর্ষক এই কর্মসূচি পালিত হয়।

মৎস্যজীবীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—  সকল নদীর মোহনায় ক্যাপিটাল ড্রেজিং করা। মৎস্য বিভাগের সকল পর্যায়ের প্রকল্পে মৎস্যজীবী জেলে সংগঠনের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, খাদ্য সহায়তা, আশ্রয়ন প্রকল্প, সুদমুক্ত ঋণ, বদ্ধ জলমহালের ইজারা প্রথা বাতিল করে জলমহালের আয়তন ঠিক রেখে টোকেন ফি’র মাধ্যমে প্রকৃত মৎস্যজীবী জেলেদের সংগঠনের নামে তা বরাদ্দ দেওয়া। ভূমিহীন মৎস্যজীবী জেলেদের নামে খাস জমি বরাদ্দ দেওয়া। খুলনা বিভাগের সাতক্ষীরা অঞ্চলের আলোর কোল, দুবলাচর, সুন্দরবন অঞ্চলের মৎস্যজীবীদের ভিজিএফের আওতায় আনা।  মৎস্যজীবী জেলেদের ভিজিএফ বিতরণে দুর্নীতি বন্ধের লক্ষ্যে মৎস্য বিভাগের মাধ্যমে ভিজিএফ দেওয়া। ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস জলদুস্য ও বিভিন্ন প্রাকৃতিক কারণে নিহত জেলে পরিবারকে পাঁচ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা।

বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন— কেন্দ্রীয় সহ-সভাপতি মনির হোসেন ভূঁইয়া, শামসুদ্দিন ভূঁইয়া, দফতর সম্পাদক আজিজুর রহমান, আইন বিষয়ক সম্পাদক হারুন আকন, ঢাকা বিভাগীয় সভাপতি এইচ এম ইউনুছ মিয়া, রংপুর বিভাগীয় সদস্য সচিব নজরুল হক প্রমুখ।

এ সময় সংগঠনের নেতারা বলেন, সারাদেশের মৎস্যজীবী জেলেরা আজ ভালো নেই। তাদের পাশে কেউ নেই। সরকারি সাহায্য সহযোগিতা জেলেরা ঠিক মতো পান না। অসহায় জেলেদের দুরাবস্থা লাঘবে আমরা  সরকারের কাছে  ৬ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানাই।

মানববন্ধন শেষে মৎস্য অধিদফতরের ডিজি বরাবর জেলেদের ৬ দফা দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করা হয়।