‘আল-জাজিরার প্রতিবেদন দিয়ে মানুষকে ধোঁকা দেওয়া যাবে না’

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, আল-জাজিরার প্রতিবেদন সম্পর্কে সবাই জানেন। এসব অপপ্রচার করে বাংলাদেশের মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘স্বাধীনতা শিক্ষক পরিষদ’ আয়োজিত ‘আল-জাজিরার অপপ্রচার-টার্গেট শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এনামুল হক শামীম বলেন, ‘কিছু সময়ের জন্য কিছু মানুষকে বোকা বানানো যায়। সব সময় মানুষকে ধোঁকা দেওয়া বা বোকা বানানো যায় না। দেশের সব মানুষ সচেতন।’

তিনি বলেন,  ‘বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা সবটাই এখন হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে। শেখ হাসিনা, আওয়ামী লীগ ও নৌকার বাইরে দেশের মানুষ আর কিছু চিন্তা করে না। আল জাজিরা দিয়ে বা অন্যভাবে ষড়যন্ত্র করেন, কোনও অসুবিধা নাই। কিন্তু শেখ হাসিনার আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করে পতন ঘটাবেন, এমনটা চিন্তা করলে হবে তা বোকার স্বর্গে বসবাস করা।’

বিএনপি'র সমালোচনা করে উপমন্ত্রী বলেন, ‘আপনারা (বিএনপি) নির্বাচনের বিরুদ্ধে কথা বলেন। আপনারা আন্দোলন করতে চান। ১২ বছরে আপনারা অনেক আন্দোলনের তারিখ দিলেন। একটি দিনও আন্দোলন করতে পারেন নাই। বিএনপিকে কীভাবে রাজনৈতিক দল বলবো। তাদের নেত্রী খালেদা জিয়া জেলে ছিলেন। কিন্তু তারা একদিনের জন্য আন্দোলন করতে পারেননি। তাদের নেতাকর্মীরা তাদের নেত্রীকে মুক্ত করতে পারে নাই। খালেদা জিয়া আজকে গুলশানের বাসায়। এটা কার দয়া? উদারতা দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খালেদা জিয়া দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি। উদারতার মানে কিন্তু দুর্বলতা না।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক এপিএস সাইফুজ্জামান শিখর, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু, সংগঠনের সহ-সভাপতি অধ্যক্ষ এসএস একরামুল হক প্রমুখ।