কালো ব্যাজ ধারণ করে ক্লাসে গেলেন শিক্ষকরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সিলেকশন গ্রেড বহাল ও এ সংক্রান্ত সমস্যা নিরসনের দাবিতে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। রবিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকদের কালো ব্যাজ ধারণ করে ক্লাস-পরীক্ষা নিতে দেখা যায়। আগামী ৭ জানুয়ারি পর্যন্ত এ কর্মসূচি পালন করবেন তারা।
এর আগে গতকাল শনিবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেয়। এছাড়া আগামী ৭ জানুয়ারি বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষকরা। এরমধ্যেও দাবি না মানা হলে আগামী ১১ জানুয়ারি থেকে অনির্দিষ্টকাল কর্মবিরতিতে যাওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক এবং জাবি শিক্ষক সমিতির নির্বাহী সদস্য ড.  মো.শামছুল আলম বলেন, ‘আমরা কালো ব্যাজ ধারণ করে ক্লাসে গিয়ে আমাদের আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরার চেষ্টা করেছি। অর্থমন্ত্রী আমাদের সঙ্গে ওয়াদা ভঙ্গ করেছেন। তবে আমরা আমাদের দাবি বাস্তবায়ন করেই ছাড়ব। এক্ষেত্রে আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’
/এসএম/