ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের আগমনকে ‘কালো মেঘ’ বলে অভিহিত করেছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। শনিবার (৬ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও কারা হেফাজতে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে তিনি এ কথা বলেন। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি এই মানববন্ধন আয়োজন করে।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশে কালো মেঘ দেখা যাচ্ছে। জয়শঙ্কর এসেছেন, সেই গৎবাঁধা কথা বলছেন, বিনা বিচারে মারা হবে না। কিন্তু ফেলানী হত্যার বিচার কি করেছে? প্রতি সপ্তাহের সীমান্তে মানুষ মারা যাচ্ছে। কানেকটিভিটি মানেটা কি? গুজরাটের পণ্য আসামে যেতে পারে না, সেটা আমার ওপর দিয়ে যাবে, সুলভে। আর আমরা আমাদের বুকের রক্ত দিয়ে করা দেশটা তাদের জন্য ছেড়ে দেব।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার উজবুক মন্ত্রীদের কথা না শুনে, এই আইনটি বাতিল করেন। পঁচাত্তরে বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয়েছিল তখন চাটুকারেরা কোথায় ছিল?
ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী দাবি করেন, বর্তমানে এক লাখের বেশি ব্যক্তি জেলে আছে, ব্রিটিশ আমলেও এত মানুষ জেলে ছিল না, পাকিস্তান আমলেও না।