করোনা বিবেচনায় রেখে বই মেলায় সর্বোচ্চ নিরাপত্তা নেওয়া হবে বলে জানিয়েছে বই মেলার আয়োজক কর্তৃপক্ষ বাংলা একাডেমি। তাই মেলার শুরুতেই শিশু প্রহর থাকছে না। পরিস্থিতি বিবেচনায় এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বাংলা একাডেমি। একইসঙ্গে মাস্ক ছাড়া ঢোকা যাবে না এবারের বই মেলায়।
মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে বাংলা একাডেমিতে অমর একুশে বই মেলা ২০২১ নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। সংবাদ সম্মেলনে সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ, বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, করোনা পরিস্থিতি বিবেচনায় এবার বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে স্বাস্থ্য সচেতনতায়। মাস্ক ছাড়া বই মেলায় প্রবেশ করা যাবে না। প্রতিটি প্রবেশপথে এ বিষয়ে নিরাপত্তা জোরদার করা হবে। মাস্ক থাকলে তবেই একজন মেলার প্রথম স্তরে ঢোকার অনুমতি পাবেন। এরপর তার শরীরের তাপমাত্রা মাপা হবে এবং তা ঠিক থাকলে স্যানিটাইজ করা হবে। সবশেষে নিরাপত্তা পর্যবেক্ষণ করে মূল মেলায় ঢুকতে পারবেন লেখক-পাঠক-দর্শনার্থীরা।
এছাড়া মেলায় ঢুকে পড়ার পর কেউ যেন মাস্ক না খুলে ফেলেন, সে বিষয়টিও নজরদারিতে রাখবে প্রশাসন ও একাডেমি কর্তৃপক্ষ।
বাংলা একাডেমি জানায়, এবার বই মেলা অনুষ্ঠিত হবে বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় ১৫ লাখ বর্গফুট জায়গায়। একাডেমি প্রাঙ্গণে ১০৭টি প্রতিষ্ঠানকে ১৫৪টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৩৩টি প্রতিষ্ঠানকে ৬৮০টি ইউনিট; মোট ৫৪০টি প্রতিষ্ঠানকে ৮৩৪টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। মেলায় ৩৩টি প্যাভিলিয়ন থাকবে। লিটল ম্যাগাজিন চত্বর স্থানান্তরিত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের মূল মেলা প্রাঙ্গণে। সেখানে ১৩৫টি লিটলম্যাগকে স্টল বরাদ্দের পাশাপাশি পাঁচটি উন্মুক্ত স্টলসহ ১৪০টি স্টল দেওয়া হয়েছে। একক ক্ষুদ্র প্রকাশনা সংস্থা এবং ব্যক্তি উদ্যোগে যারা বই প্রকাশ করেছেন তাদের বই ও বিক্রি/প্রদর্শনের ব্যবস্থা থাকবে জাতীয় গ্রন্থকেন্দ্রের স্টলে।
এবার বৈশ্বিক মহামারি করোনার কারণে বই মেলা ১৮ মার্চ শুরু হয়ে চলবে ১৪ এপ্রিল ২০২১ পর্যন্ত। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বই মেলা ২০২১ উৎসর্গিত হচ্ছে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মৃতির উদ্দেশে। এবারের বইমেলার মূল থিম ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’। ১৮ মার্চ বিকাল ৩টায় গণভবন থেকে ভার্চুয়ালি বই মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবার অমর একুশে বই মেলার উদ্বোধন অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বঙ্গবন্ধু রচিত ও বাংলা একাডেমি প্রকাশিত ‘আমার দেখা নয়াচীন’-এর ইংরেজি অনুবাদের আনুষ্ঠানিক প্রকাশনা। শেখ হাসিনা এই গ্রন্থ উন্মোচন করবেন। এছাড়া উদ্বোধন অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২০ দেওয়া হবে।