‘আমরা যারা দেশসেবার ব্রত নিয়ে কাজ করছি, তাদেরকে জাতির প্রয়োজনে এগিয়ে আসতে হবে। শুধু বিজ্ঞানী হলে হবে না, আদর্শ মানুষ হতে হবে।’
আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ উদ্বোধন এবং গবেষকদের মধ্যে ‘গবেষণা স্বর্ণপদক ও সম্মাননা’ অনুষ্ঠানে এ কথা বলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান ও এফবিসিসিআই-এর সাবেক সভাপতি এম এ কাসেম। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, গবেষক ও শিক্ষার্থীরা। মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যদি সবাই এ ধরনের উদ্যোগ নেয় তবে শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ বেশি করে ছড়িয়ে পড়বে।
অনুষ্ঠানে জানানো হয়, মুজিববর্ষকে স্বরণীয় করে রাখতে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। এর মধ্যে রয়েছে বঙ্গবন্ধু কর্নার স্থাপন, বঙ্গবন্ধুর লেখা বই বিতরণ এবং গবেষকদের স্বর্ণপদক ও সম্মাননা দেওয়া।