৯৯৯-এ কল দিয়ে মাঝ সমুদ্র থেকে ১৫ পর্যটক উদ্ধার

সেন্টমার্টিন থেকে ইঞ্চিনচালিত নৌকায়  ছেড়ে দ্বীপে যাওয়ার পথে মাঝ সমুদ্রে সেটি বিকল হয়ে যায়।  আতঙ্কিত পর্যটকরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেওয়ার পর কোস্টগার্ড তাদের ১৫ জনকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন। 

বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকাল ৩টায় বঙ্গোপসাগরে এই দুর্ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর পরিদর্শক আনোয়ার সাত্তার বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

তিনি বলেন, কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের নিকটবর্তী ছেড়া দ্বীপের বঙ্গোপসাগর থেকে  আব্দুল্লাহ নামে বিকল নৌযানের এক পর্যটক ৯৯৯ নম্বরে ফোন করে জরুরি উদ্ধার সহায়তা চান। 

আবদুল্লাহ ও তার পরিবারের তিন নারী সদস্যসহ ১৫ জন পর্যটক সেন্টমার্টিন থেকে একটি ইঞ্জিনচালিত নৌযান যোগে ছেড়া দ্বীপ ভ্রমনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।  কিন্তু ছেড়া দ্বীপের কাছাকাছি বঙ্গোপসাগরের একটি স্থানে তাদের নৌযানের ইঞ্জিন বিকল হয়ে গেছে।  নৌযানের মাঝি প্রায় ঘন্টাখানেক চেষ্টা করেও ইঞ্জিন সচল করতে পারেননি।  এই অবস্থায় সাগরে বিকল নৌযানে অবস্থিত পর্যটকরা ভীত ও শঙ্কিত হয়ে পড়েছে।  কলার তাদের উদ্ধারের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।

৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি কক্সবাজার সেন্টমার্টিন কোস্টগার্ডে জানিয়ে উদ্ধারের ব্যবস্থা নিতে অনুরোধ জানায়।  ৯৯৯ থেকে সংবাদ পেয়ে সেন্টমার্টিন কোষ্টগার্ডের একটি উদ্ধারকারী দল রওনা দেয়। পরে সেন্টমার্টিন কোস্টগার্ডের লে. কমান্ডার সা’দ ৯৯৯-এ ফোনে জানান তারা একটি উদ্ধারকারী নৌযান প্রেরণ করেন এবং ৩ জন মহিলা সহ ১৫ জন পর্যটক ও বিকল নৌযানটিকে নিরাপদে সেন্টমার্টিন নিয়ে এসেছেন।