আন্তর্জাতিক নদীর পানি নিয়ে ভারত ও চীনের স্বেচ্ছাচারিতা বন্ধের আহ্বান জানিয়েছে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন।
সোমবার (২২ মার্চ) দুপুরে ‘বিশ্ব পানি দিবস’ উপলক্ষে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার।
বাপ্পি সরদার বলেন, ‘আমাদের দেশের বেশিরভাগ নদীর উৎপত্তিস্থল ভারত ও চীনে। ভারত ও চীন তাদের ইচ্ছামতো আন্তর্জাতিক নদী আইন অমান্য করে বাঁধ নির্মাণ করছে। ইতোমধ্যে ভারত তিস্তা বাঁধসহ আরও কয়েকটি বাঁধ নির্মাণ করেছে। ব্রহ্মপুত্র নদে বাঁধ নির্মাণ করছে চীন। এতে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। আজকের আন্তর্জাতিক পানি দিবসে আমরা ভারত ও চীনের পানি পানি খেলা বন্ধের আহ্বান জানাচ্ছি।’
বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষ থেকে বিশুদ্ধ পানি নিশ্চিত করতে বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরা হয়। প্রস্তাবনাগুলো হলো, বিশুদ্ধ পানি নিশ্চিতে সিইটিপি ফর্মুলা বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। কল-কারখানার দূষিত বর্জ্য অপসারণে আধুনিক কারিগরি সহায়তা প্রদান করতে হবে। জলজ প্রজাতি বিলুপ্তি রোধে গবেষণা জোরদার করতে হবে। নদী খননে অর্থ বরাদ্দ বৃদ্ধি করার পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের লোকবল বৃদ্ধি করতে হবে এবং আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করতে হবে।