বাতাসে উড়ছে বাংলাদেশের বিশাল পতাকা, গান বাজছে- জয় বাংলা, বাংলার জয়/হবে হবে হবে, হবে নিশ্চয় পুরো নৌযান জুড়ে লাল-সবুজের ছড়াছড়ি। সব মিলিয়ে চাও প্রায়া নদীর বুকে অসাধারণ এক দৃশ্য। শুক্রবার (২৬ মার্চ) ব্যাংককের প্রাণকেন্দ্রে চাও প্রায়া নদীর আইকন সিয়াম পিয়ার থেকে শুরু হয় এই সুবিশাল নৌ শোভাযাত্রা। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই নৌ শোভাযাত্রা নজর কেড়ে নেয় ব্যাংককের নানা স্তরের মানুষের। ভিন্নমাত্রার এই নৌ শোভাযাত্রার আয়োজক মারমেইড ইকো টুরিজম লিমিটেড।
রবিবার (২৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।
মারমেইড ইকো টুরিজম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল হক চৌধুরী সোহাগ বলেন, ‘স্বাধীনতার ৫০ বছরে এসে বাংলাদেশ এখন সারা বিশ্বের বিস্ময়। বাংলাদেশের গৌরবগাথা পৃথিবী জুড়ে ছড়িয়ে দিতেই আমাদের এই প্রচেষ্টা।’
মারমেইড ইকো টুরিজম লিমিটেডের পরিচালক সামিহা আলম বৃষ্টি বলেন, ‘এই শোভাযাত্রা বিশ্ববাসীর কাছে বাংলাদেশের অগ্রগগিতর বার্তা পৌঁছে দিতেই পারলেই আমরা এটিকে সফল মনে করবো। বিশ্বের যে প্রান্তেই আমরা থাকি বাংলাদেশকে একটি অগ্রসর দেশ হিসেবে পৃথিবীর কাছে তুলে ধরতে চাই।’