রাবি শিক্ষার্থী ধর্ষণ: আসামির জামিন আটকে দিলেন চেম্বার আদালত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেফতার মাহফুজুর রহমানকে হাইকোর্টের দেওয়া জামিন আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগের চেম্বার আদালত।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (৬ এপ্রিল) চেম্বার জজ বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর ভার্চুয়াল আদালত এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। আসামিপক্ষে ছিলেন ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন।

২০২০ সালের ২৪ জানুয়ারি রাতে ওই ছাত্রীকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা সাঁকোপাড়া এলাকার একটি মেসে নিয়ে যান মাহফুজুর। সেখানে ওই ছাত্রী ধর্ষণের শিকার হন। ওই সময় ধর্ষণের ভিডিও ধারণ করে তার বন্ধু বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী প্লাবন সরকার, রাফসান, জয়, জীবন এবং বিশাল। পরে ছাত্রীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে তারা। তাদের দাবিকৃত টাকা না দিলে ধারণকৃত ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই দিন গভীর রাতে ছাত্রীকে ছেড়ে দেয়।

একই বছরের ২৭ জানুয়ারি দুপুরে ধর্ষণের শিকার ছাত্রী মতিহার থানায় মামলা করেন। এরপর অভিযান চালিয়ে মাহফুজুর রহমান ও তার দুই বন্ধু প্লাবন সরকার এবং রাফসানকে গ্রেফতার করে পুলিশ।