সন্ধ্যায় দেশের কয়েকটি এলাকায় কালবৈশাখী হতে পারে

ঢাকার আশপাশসহ দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় বৃহস্পতিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। তবে ঢাকার আকাশ শুধু মেঘলাই থাকতে পারে। ঝড়ের সময় এসব এলাকায় বাতাসের গতি হতে পারে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঢাকায় নয়, বিশেষ করে রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ,  সিলেটসহ ঢাকার আশপাশে আজ সন্ধ্যায় ঝড় হতে পারে। তবে বড় আকারের নয় এবং এই ঝড় বেশিক্ষণ থাকবেও না। ঢাকার আকাশ কিছুটা মেঘলা হতে পারে।’

আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে।

এই লঘুচাপের প্রভাবে কুমিল্লা অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকার আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 

বৃষ্টির কারণে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের তাপমাত্রা কিছুটা কমতে পারে। এছাড়া অন্য এলাকার তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে শুধু রাজারহাটে, ৫ মিলিমিটার।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ঢাকায় ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে ৩৩ দশমিক ৯, চট্টগ্রামে ৩২,  সিলেটে ৩৩ দশমিক ২, রাজশাহীতে ৩৫ দশমিক ৪, রংপুরে ৩২ দশমিক ৬, খুলনায়  ৩৫ দশমিক ২ এবং বরিশালে আজ তাপমাত্রা ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

নদীবন্দরগুলোর জন্য এক সতর্ক বার্তায় বলা হয়েছে—ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা ও কিশোরগঞ্জ অঞ্চলগুলোর ওপর দিয়ে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।