সরকারকে ধন্যবাদ জানালেন রেস্তোরাঁ মালিকরা

১৪ এপ্রিল থেকে কঠোর বিধিনিষেধ আরোপের মধ্যে দুই ভাগে রেস্তোরাঁ খোলা রাখার নির্দেশনায় সরকারকে ধন্যবা জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। সোমবার (১২ এপ্রিল) দুপুরে এই তথ্য জানান সংগঠনটির সভাপতি ওসমান গনি এবং মহাসচিব ইমরান হাসান।

রেস্তোরাঁ মালিক সমিতি জানায়, প্রজ্ঞাপনের ‘ছ’ ক্রমিকে বর্ণিত নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, এই লকডাউনের সময়ে খাবারের দোকান এবং হোটেল রেস্তোরাঁ দুপুর ১২ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এবং রাত ১২ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত খোলা থাকবে। তবে কেবল খাদ্য বিক্রয় ও সরবরাহ/অনলাইন ডেলিভারি করা যাবে। দুর্যোগ মুহূর্তে এই সিদ্ধান্তটি আমাদের ব্যবসায়ী ভাই-বোনদের মনে কিছুটা স্বস্তি আনবে বলে আমরা মনে করছি।

সংগঠনের নেতারা বলেন, এই ব্যবসায় সংশ্লিষ্ট ২ কোটি মানুষের কথা চিন্তা করে স্বাস্থ্যবিধি মেনে লকডাউনের মধ্যে ব্যবসা পরিচালনা করার দিক নির্দেশনা প্রদান করেছেন। এ জন্য আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে আন্তরিক অভিনন্দন জানাই।