আগামীকাল থেকে চলমান সর্বাত্মক লকডাউনে সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় কৃষি পণ্য পরিবহন করবে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন এ কথা জানান।
তিনি বলেন, করোনাকালে সকল ধরনের পণ্যবাহী ট্রেন চলাচলের পাশাপাশি কৃষিজাত পণ্য ও পার্সেল মালামাল পরিবহনের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে বিভিন্ন রুটে কয়েকটি বিশেষ পার্সেল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।
ট্রেনগুলো চলাচলের সময় হচ্ছে:
প্রতিদিন ঢাকা-সিলেট রুটে একটি ট্রেন ঢাকা থেকে ১৫টা ৩০ মিনিটে ছেড়ে গিয়ে পৌঁছাবে দুপুর ২টা ৩০ মিনিটে। একইভাবে সিলেট থেকে ৬টা ৪৫ মিনিটে ছেড়ে এসে পৌঁছবে ১৮টা ৩০ মিনিটে।
চট্টগ্রাম সরিষাবাড়ি রুটে একটি ট্রেন ঢাকা থেকে ১৫টায় ছেড়ে গিয়ে ৪টা ৩০ মিনিটে সরিষাবাড়ি পৌঁছবে। একইভাবে সরিষাবাড়ি থেকে ৫টা ৩০ মিনিটে ছেড়ে এসে বিকাল ৬টা ৪০ মিনিটে চট্টগ্রামে পৌঁছবে।
খুলনা চিলাহাটি রুটেও সপ্তাহের শনি, সোম ও বুধবার একটি ট্রেন চলবে। ট্রেনটি খুলনা থেকে ৩টা ৩০ মিনিটে ছেড়ে গিয়ে রাত ২টা ২০ মিনিটে চিলাহাটি পৌঁছবে। একইভাবে চিলাহাটি থেকে সপ্তাহের রবি, মঙ্গল ও বৃহস্পতিবার প্রতিদিন বিকাল ৩টা ৩০ মিনিটে ছেড়ে এসে রাত ২ টা ৩০ মিনিটে খুলনায় পৌঁছবে।
বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন– ঢাকা রুটে সপ্তাহের শনি, সোম ও বুধবার সিরাজুল ইসলাম স্টেশন থেকে দুপুর ১টায় ছেড়ে গিয়ে ঢাকায় পৌঁছবে ভোররাত ৩টায়। একইভাবে সপ্তাহের রবি, মঙ্গল ও বৃহস্পতিবার ঢাকা থেকে ৬টায় ছেড়ে গিয়ে সিরাজুল ইসলাম স্টেশন পৌঁছবে রাত সাড়ে আটটায়।
মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সরিষাবাড়ি ও চট্টগ্রাম-সিলেটের মধ্যে পরিবাহিত পার্সেল মালামাল ভৈরব বাজার ও আখাউড়া স্টেশনে ল্যাগেজ ভ্যান সংযোজন বা বিয়োজনের মাধ্যমে গন্তব্যে পৌঁছবে। খুলনা-ঢাকা রুটের মালামাল পরিবাহিত লাগেজ ভ্যান ঈশ্বরদী স্টেশনে বিয়োজন করে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম-ঢাকা রুটে চলাচলকারী ট্রেনে সংযোজন বা বিয়োজন করা হবে।
তিনি আরও বলেন, বিশেষ পার্সেল ট্রেনে কৃষিজাত পণ্য পরিবহনের ক্ষেত্রে মূল ভাড়ার ওপর ২৫ শতাংশ রেয়তী ও অন্যান্য সকল প্রকার চার্জ রহিত থাকবে।
রুট ভিত্তিক প্রতিকেজি মালের ভাড়ার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ঢাকা-সিলেট রুটের দূরত্ব ৩১৯ কিলোমিটার। এই পথে প্রতি কিলোতে প্রতিকেজি পণ্যের ভাড়া ১.১১ টাকা। ঢাকা- চট্টগ্রাম রুটের দূরত্ব ৩৪৬ কিলোমিটার। এই পথে প্রতি কিলোতে প্রতিকেজি পণ্যের ভাড়া ১.১৭ টাকা। চট্টগ্রাম-সরিষাবাড়ি রুটের দূরত্ব ৪৬৯ কিলোমিটার। এই পথে প্রতি কিলোতে প্রতিকেজি পণ্যের ভাড়া ১.৩৫ টাকা। চট্টগ্রাম-সিলের রুটের দূরত্ব ৩৯০ কিলোমিটার। এই পথে প্রতি কিলোতে প্রতিকেজি পণ্যের ভাড়া ১.৩০ টাকা। খুলনা-চিলাহাটি রুটের দূরত্ব ৪৯০ কিলোমিটার। এই পথে প্রতি কিলোতে প্রতিকেজি পণ্যের ভাড়া ১.৩৬ টাকা। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম-ঢাকা রুটের দূরত্ব ৫৯৩ কিলোমিটার। এই পথে প্রতি কিলোতে প্রতিকেজি পণ্যের ভাড়া ১.৫৬ টাকা।
মন্ত্রী জানান আগামীকাল থেকে এই নিয়মে ট্রেন পরিচালিত হবে।