দেশবাসীকে তথ্যমন্ত্রীর বাংলা নববর্ষের শুভেচ্ছা

বাংলা নববর্ষ ১৪২৮ উপলক্ষে গণমাধ্যমকর্মীসহ দেশে ও বিদেশে বসবাসরত সকল বাংলা ভাষাভাষীকে শুভেচ্ছা জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বাংলা নববর্ষবরণকে বাঙালির সর্বজনীন উৎসব হিসেবে বর্ণনা করে তার জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দিনের পাঠানো শুভেচ্ছাবার্তায়  তথ্যমন্ত্রী বলেন, ‘পৃথিবীর সকল ভাষাভিত্তিক জাতি ও জনগোষ্ঠীর নিজস্ব সর্বজনীন উৎসব-পার্বণ রয়েছে। চীনাদের ‘চীনা নববর্ষ’, ইরান থেকে মধ্য এশিয়া পর্যন্ত ‘নওরোজ’, ইংরেজি ভাষাভাষীদের ‘ইংরেজি নববর্ষ’, ঠিক তেমনই পয়লা বৈশাখ বাংলা ভাষাভাষীদের সর্বজনীন উৎসব।’

ড. হাছান বলেন, ‘বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি প্রতিরোধ যুদ্ধে বাংলাদেশ এরইমধ্যে সক্ষমতার স্বাক্ষর রেখেছে। স্বাস্থ্যরক্ষায় সরকারি নির্দেশনা ও বিধি যথাযথভাবে অনুসরণের মাধ্যমে মহামারির প্রকোপ নিয়ন্ত্রণে রাখা হোক নতুন বছরের অন্যতম অঙ্গীকার।’  তিনি বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে ও ডিজিটাল বাংলাদেশের আশীর্বাদে অনলাইনে বর্ষবরণ হোক নিজস্ব সংস্কৃতি আর আনন্দের রূপকার।’