টিসিএ সদস্যদের খাদ্য সহায়তা দিলো এম. এ. হাসেম ট্রাস্ট

টেলিভিশন ক্যামেরাপারসন অ্যাসোসিয়েশন (টিসিএ) এর সদস্যদের খাদ্য সহায়তা দিয়েছে এম. এ. হাসেম ট্রাস্ট। ‘মানুষের পাশে, মানুষের মাঝে’ এই স্লোগানকে সামনে রেখে মহামারি করোনার মধ্যে পারটেক্স গ্রুপের কর্ণধার মরহুম এম. এ. হাসেমের পরিবারের পক্ষ থেকে এই সহায়তা দেওয়া হয়েছে। টিসিএ সভাপতি মাহাবুব আলমের কাছে খাদ্যসামগ্রী তুলে দেন পারটেক্স পরিবারের পক্ষে হেড অব পাবলিক রিলেশন্স রাশেদ চৌধুরী।

খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল—পাঁচ কেজি চাল (মিনিকেট), ৫ কেজি আলু, তেল এক লিটার, পেঁয়াজ দুই কেজি, সেমাই এক প্যাকেট, লবণ এককেজি, পোলাও চাল এককেজি, চিনি এককেজি, ছোলা এককেজি, সাবান এক পিস এবং মসুরি ডাল এককেজি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএফইউজে’র কোষাধ্যক্ষ ও নাগরিক টিভির বার্তা প্রধান দীপ আজাদ।

উল্লেখ্য, গত বছর এম. এ. হাসেমের নেতৃত্বে পারটেক্স পরিবারের পক্ষ থেকে টিসিএ-সহ বিভিন্ন মাধ্যমের মোট ৩০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়। এই খাদ্য সহায়তা ভবিষ্যতেও পারটেক্স পরিবারের পক্ষ থেকে অব্যাহত থাকবে।