‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে এক কলারের ফোন কলে ২০ মাস বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক যুবককে আটক করেছে কক্সবাজার সদর থানার পুলিশ।
রবিবার (২৩ মে) দুপুর সাড়ে বারোটায় কক্সবাজার সদর থানার এক নম্বর ওয়ার্ড লাহোর পাড়া থেকে একজন কলার ৯৯৯ নম্বরে ফোন করে জানান তার বিশ মাস বয়সী ভাগ্নিকে ২২ মে রাতে প্রতিবেশী এক তরুণ যৌন নির্যাতন করেছিল। নির্যাতনের কারণে অসুস্থ হয়ে পড়ায় তার ভাগ্নিকে শনিবার রাতেই কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সকালে প্রতিবেশীদের সহযোগিতায় নির্যাতনকারী তরুণকে তারা আটক করেছেন।
৯৯৯ তাৎক্ষণিকভাবে কলারের সঙ্গে কক্সবাজার সদর থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয়।
সংবাদ পেয়ে কক্সবাজার সদর থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। পরে কক্সবাজার সদর থানার এস আই বিভাস কুমার ৯৯৯ কে ফোনে জানান তিনি ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত তরুণ তারেক (২২) কে আটক করে থানায় নিয়ে এসেছেন।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর পরিদর্শক আনোয়ার সাত্তার বাংলা ট্রিবিউনকে জানান, কলারের ফোনের সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। এখন সদর থানা পুলিশ মামলাটি তদন্তে করে ব্যবস্থা নেবে।