ত্রাণ নয়, প্রাকৃতিক দুর্যোগের আঘাত থেকে রক্ষা পেতে শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণ ও সুপেয় পানির ব্যবস্থা করার দাবি জানিয়েছে ‘আমরা বন্ধু ফাউন্ডেশন ও ঢাকাস্থ শ্যামনগর, সাতক্ষীরাবাসী’ নামের একটি সংগঠন।
শুক্রবার (২৮ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটির ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এ দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রলয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘আইলা’র আঘাতে আমাদের বাঁধগুলো ভেঙে গেছে। সর্বশেষ ‘ইয়াস’ এর প্রভাবে নদীর পাড়গুলো ভেঙে যায়। এর ফলে পুরো সাতক্ষীরা এলাকায় সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। পাশাপাশি মাছের ঘেরগুলো সব ডুবে গেছে।
তারা বলেন, কর্মক্ষেত্র হারিয়ে অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। আমরা ত্রাণ চাই না, খাবারের চেয়ে বেশি প্রয়োজন বেড়িবাঁধ মেরামত। এ জন্য আমাদের মূল দাবি হচ্ছে— আমরা খাবার চাই না, অন্যকিছু চাই না, আমরা টেকসই বেড়িবাঁধ চাই।
বক্তারা আরও বলেন, আমাদের একটাই দাবি সাতক্ষীরা অঞ্চলে যত দ্রুত সম্ভব টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। যদি টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা না হয়, তাহলে আগামী বর্ষায় সেখানে অনেক ক্ষয়-ক্ষতি হবে। ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে শ্যামনগরে ঘরবাড়ি ও জমি ডুবে গেছে। কিছু দিন পরে তা বিরানভূমি হয়ে যাবে। সেখানকার মানুষ বাস্তুহারা হয়ে পড়বে।
এর আগে সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানিয়েছেন, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে উপকূলীয় জেলার সাত উপজেলার ৬ শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে জোয়ারের পানিতে তলিয়ে গেছে এসব গ্রাম। এছাড়া পানিতে ভেসে গেছে সাড়ে চার হাজার মাছের ঘের। এতে সর্বস্বান্ত হয়েছেন মাছচাষিরা।
তাই যত দ্রুত সম্ভব সাতক্ষীরার ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকায় ত্রাণের পরিবর্তে বেড়িবাঁধ নির্মাণ ও সুপেয় পানির ব্যবস্থা গ্রহণ করতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন— আমার বন্ধু ফাউন্ডেশনের সমন্বয়ক আবদুর রহিম, সংগঠনের সদস্য খালেদ ইমরান রিপন, সাজ্জাদুর রহমান, লিয়াকত হোসেন প্রমুখ।