মধ্য আফ্রিকায় বিমান বাহিনীর শান্তিরক্ষা কন্টিনজেন্ট প্রতিস্থাপন

মধ্য আফ্রিকান রিপাবলিকে শান্তিরক্ষা মিশনে বিমান বাহিনীর শান্তিরক্ষা কন্টিনজেন্টের ১২৫ জন সদস্যকে প্রতিস্থাপন করা হয়েছে। প্রতিস্থাপন কর্মসূচির অংশ হিসেবে বিমান বাহিনীর এই ১২৫ জন সদস্যকে নিয়ে জাতিসংঘের ভাড়া করা বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে বুধবার (২ জুন) মধ্য আফ্রিকান রিপাবলিকের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বিমান বাহিনীর এই আর্মড মিলিটারি ইউটিলিটি হেলিকপ্টার ইউনিটের নেতৃত্বে থাকবেন গ্রুপ ক্যাপ্টেন শাহ কাওসার আহমেদ চৌধুরী। বিবদমান সংঘাত নিরসনে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে সে দেশের সরকার এবং আপামর জনসাধারণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। তাদের অর্জিত এ সুনাম ও সাফল্য অক্ষুণ্ণ রেখে শান্তিরক্ষীরা ভবিষ্যৎ দিনগুলোতে যেন আরও উৎকর্ষতা অর্জন করতে পারে, এ কামনা করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে তাদের বিদায় জানান।

এর আগে গত ৩০ মে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত মধ্য আফ্রিকান রিপাবলিকগামী বিমান বাহিনী কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশে ঘাঁটি বাশার-এ ব্রিফিং প্রদান করেন এবং মিশনের সাফল্য কামনায় বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।