জাজিরাসহ একাধিক সেনানিবাসের বিভিন্ন স্থাপনা উদ্বোধন

নবগঠিত জাজিরা সেনানিবাসে সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনার উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। রবিবার (২০ জুন) সাভার সেনানিবাস থেকে ভিডিও টেলি-কনফারেন্সের মাধ্যমে তিনি এই উদ্বোধন করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, নবগঠিত জাজিরা সেনানিবাসের ২০টি স্থাপনা ছাড়াও ঢাকা, বগুড়া, যশোর ও রংপুর সেনানিবাসে অন্যান্য পদবীর সৈনিক এবং ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের জন্য ৪টি বহুতল বিশিষ্ট আবাসিক কোয়ার্টারের (সেনানীড়) উদ্বোধন করেন। প্রতিটি ভবনে ১১২টি করে ফ্লাট রয়েছে।

সাভার সেনানিবাস থেকে ভিডিও টেলি-কনফারেন্সের মাধ্যমে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন। এই স্থাপনাগুলো উদ্বোধনের ফলে জাজিরা সেনানিবাসে ৭টি ইউনিটের অফিস ভবন, সৈনিক ব্যারাক এবং ভারী সমরাস্ত্রের গ্যারাজসহ অফিসার ও জুনিয়র কমিশন্ড অফিসারদের আবাসিক কোয়ার্টার নির্মাণ কাজ শেষ হলো।

এ ছাড়াও ঢাকা, বগুড়া, যশোর ও রংপুর সেনানিবাসে অন্যান্য পদবীর সৈনিক এবং ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের আবাসিক কোয়ার্টার সংক্রান্ত সমস্যার বেশিরভাগ নিরসন হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ সেনাবাহিনীর সকল পদবীর সদস্যদের জন্য গৃহীত বিভিন্ন কল্যাণমূলক পদক্ষেপসমূহ তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় দেশের সার্বিক অগ্রগতির সঙ্গে সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন, সম্প্রসারণ এবং কল্যাণমূলক বিভিন্ন পদক্ষেপ অত্যন্ত দ্রুততার সঙ্গে সম্পন্ন হচ্ছে। যে কারণে বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি পেশাদার বাহিনী হিসেবে দেশের মানুষের আস্থা অর্জনসহ আন্তর্জাতিক পরিমণ্ডলেও সম্মানজনক অবস্থানে পৌঁছেছে। ভবিষ্যতেও সেনাবাহিনীর এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। উদ্বোধন করা সকল স্থাপনাসমূহের নির্মাণ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তিনি সংশ্লিষ্ট এরিয়া কমান্ডারগণসহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণসহ সকল পদবীর সামরিক ও অসামরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।