শহীদ জননী জাহানারা ইমাম স্মরণে মোমবাতি প্রজ্বলন করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। শনিবার (২৬ জুন) সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে শহীদ জননী জাহানারা ইমামের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই কর্মসূচি পালন করে সংগঠনটি।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সঞ্চালন করেন সাধারণ সম্পাদক আল মামুন।
এসময় আমিনুল ইসলাম বুলবুল বলেন, শহীদ জননী জাহানারা ইমাম আজীবন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য কাজ করে গিয়েছেন। তার আন্দোলন ও সংগ্রামের কারণে আমরা যুদ্ধাপরাধীদের বিচার করতে সক্ষম হয়েছি।
জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী প্রতিবছর জাতীয়ভাবে পালনের দাবি জানিয়ে আল মামুন বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগ সরকারের উচিত শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের উদ্যোগ গ্রহণ করা। শহীদ জননী জাহানারা ইমামকে উপযুক্ত সম্মান দিতে ব্যর্থ হয়েছে রাষ্ট্র। কুখ্যাত যুদ্ধাপরাধী গোলাম আযমের বিরুদ্ধে শহীদ জননী গণ-আদালত গঠন করে প্রতীকী বিচার শুরু করেছিলেন। তার আন্দোলনের কারণেই আমরা যুদ্ধাপরাধীদের বিচার করতে সক্ষম হয়েছি।
এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট ভাস্কর শিল্পী রাশা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মিলন ঢালীসহ প্রমুখ নেতারা।