সেনা প্রধানের সঙ্গে ভারতীয় বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ

সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সফররত ভারতীয় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদৌরিয়া।

সোমবার (২৮ জুন) সেনা সদর দফতরে তাদের এ সৌজন্য সাক্ষাৎ হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সোমবার সেনা সদর দফতরে সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে ভারতীয় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদৌরিয়া সাক্ষাৎ করে পারস্পরিক কুশল বিনিময় করেন। এ সময় সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় জেনারেল শফিউদ্দিনকে অভিনন্দন জানান ভারতীয় বিমান বাহিনী প্রধান। জেনারেল শফিউদ্দিন আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীকে আরও এগিয়ে নিয়ে যাবেন বলে আশা প্রকাশ করেন এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার। সাক্ষাতকালে তারা বাংলাদেশ সেনাবাহিনী এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর মধ্যকার বিদ্যমান সুসম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে প্রত্যাশা ব্যক্ত করেন। জেনারেল শফিউদ্দিন আহমেদ তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ভারতীয় বিমান বাহিনী প্রধানকে ধন্যবাদ জানান। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতীয় বিমান বাহিনীর অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন সেনাবাহিনী প্রধান। 

এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদৌরিয়ার নেতৃত্বে দুই সদস্যের ভারতীয় বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল চার দিনের রাষ্ট্রীয় সফরে গত ২৬ জুন ঢাকায় আসেন। সফর শেষে দলটি মঙ্গলবার (২৯ জুন) ভারতে ফিরে যাবে।