রাজধানীর কোরবানির পশুহাটে বিক্রয়ের জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে ‘ক্যাটল স্পেশাল’ ট্রেনের মাধ্যমে পশু ঢাকা স্টেশন পর্যন্ত পরিবহনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে।
এতে বলা হয়েছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গত বারের মতো এবারও বাংলাদেশ রেলওয়ের মাধ্যমে বিভিন্ন স্টেশন হতে ‘ক্যাটল স্পেশাল’ ট্রেনের মাধ্যমে কোরবানির পশু ঢাকা স্টেশন পর্যন্ত পরিবহনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এরমধ্যে দেওয়ানগঞ্জ বাজার, ইসলামপুর বাজার, মেলান্দহ বাজার, জামালপুর, দুরমুট, ময়মনসিংহ ইত্যাদি স্টেশন রয়েছে। পশু ব্যবসায়ীরা তাদের কোরবানির পশু নিরাপদে স্বল্প খরচে এবং স্বল্প সময়ে ঢাকা স্টেশনের নিকটবর্তী গোপীবাগ (কমলাপুর), শাহজাহানপুর, মুগদা পশুহাটসমূহে নিশ্চিন্তে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ রেলওয়ের পশুবাহী ‘ক্যাটল স্পেশাল’ ট্রেন সার্ভিস’র সেবা গ্রহণ করতে পারবেন।
এতে আরও বলা হয়, আপনাদের মূল্যবান কোরবানির পশু গরু, মহিষ, ছাগল, ভেড়া ইত্যাদি বাংলাদেশ রেলওয়ের পশুবাহী ‘ক্যাটল স্পেশাল’ ট্রেনে পরিবহন করে সময় ও খরচ সাশ্রয় করুন। কোরবানির পশু বিক্রয় করার পর নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য প্যাসেঞ্জার ট্রেন সার্ভিসের সেবা গ্রহণের সুযোগ রয়েছে। সম্মানিত পশু ব্যবসায়ীগণ ও কৃষকদেরকে ওয়াগন ভাড়া ও বরাদ্দের বিষয়ে জানার জন্য স্থানীয় স্টেশন মাস্টারের সঙ্গে যোগাযোগ করতে বিজ্ঞপ্তিতে বলা হয়। প্রয়োজনে ০১৭১১৬৯১১৯৮, ০১৭১১৪৫৩৩৯৯ নম্বরে যোগাযোগ করতেও বলা হয়েছে।