সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান। বুধবার (৭ জুলাই) সেনাবাহিনীর সদর দফতরে সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎকালে তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান পারস্পরিক কুশল বিনিময় করেন। একইসঙ্গে দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় জেনারেল শফিউদ্দিনকে অভিনন্দন জানান তুরস্কের রাষ্ট্রদূত। সেনাবাহিনী প্রধান তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য তুরস্কের রাষ্ট্রদূতকেও ধন্যবাদ জানান।