অসুস্থ বোনকে একনজর দেখার জন্য সাভার থেকে পায়ে হেঁটেই রাজধানীর মোহাম্মদপুরে এসেছিলেন ষাটোর্ধ্ব বৃদ্ধ লাল মিয়া। অবশ্য এর মধ্যে কোথাও কোথাও রিকশাতেও উঠতে পেরেছিলেন তিনি।
রবিবার (১১ জুলাই) রাজধানী থেকে সাভার ফিরে যাওয়ার সময় গাবতলীতে বাংলা ট্রিবিউনের কথা হয় তার সাথে। তিনি জানান, গতকাল সাভার থেকে কিছুটা পায়ে হেঁটে, কিছুটা রিকশা যোগে এসেছেন মোহাম্মদপুরে। সেখানে রাতে ছিলেন। আজ ফিরে যাচ্ছেন।
করোনার ভয়াবহ প্রকোপ ঠেকাতে গত ১ জুলাই থেকে দেশব্যাপী লকডাউন ঘোষণা করেছে সরকার। লকডাউনে সবধরনের গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। তবে জরুরি প্রয়োজনে ব্যক্তিগত গাড়ি ও রিকশায় চলাচলের সুযোগ রাখা হয়েছে।
লাল মিয়া গতকাল শনিবার পায়ে হেঁটে, রিকশা যোগে বোনের বাড়ি মোহাম্মদপুরে গিয়েছিলেন। আজ ফিরছেন কাঁধে একটা ব্যাগ নিয়ে হেঁটে। এই বয়সে এতদূরের পথ এভাবে কেন যাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, রিকশায় তো খরচ একটু বেশি হয়। দেখি সামনে কীভাবে যাওয়া যায়।
এত ঝুঁকি নিয়ে লকডাউনে কেনইবা বেরোতেই হল- এমন প্রশ্নের জবাবে লাল মিয়া বলেন, বোনটা অসুস্থ। দেখতে খুব মন চাইছিলো, তাই রিস্ক নিয়ে, কষ্ট করে দেখতে গিয়েছিলাম। কী আর করা, মানুষের মন তো। বোনকে দেখে এখন বাড়ি চলে যাচ্ছি।